বাংলাদেশ-ভারত সম্পর্ক অতীতে আটকে থাকার সুযোগ নেই: দীনেশ ত্রিবেদী
বাংলাদেশ ও ভারতের দ্বিপক্ষীয় সম্পর্ক অতীতে আটকে থাকার কোনো সুযোগ নেই বলে মন্তব্য করেছেন বাংলাদেশে নিযুক্ত ভারতীয় হাইকমিশনার দীনেশ ত্রিবেদী। তিনি বলেছেন, ঢাকা ও দিল্লির মধ্যকার বাণিজ্য সম্পর্ককে আরও কীভাবে প্রসারিত করা যায়, তা নিয়ে কাজ করছে উভয় দেশ।
মঙ্গলবার (১ সেপ্টেম্বর) দুপুরে সচিবালয়ে স্থানীয় সরকার মন্ত্রী ও প্রতিমন্ত্রীর সঙ্গে বৈঠক শেষে সাংবাদিকদের মুখোমুখি হয়ে তিনি এসব কথা বলেন।
প্রতিবেশী সম্পর্কের বিষয়ে ভারতীয় হাইকমিশনার বলেন, প্রতিবেশী রাষ্ট্রে বড় বা ছোট বলে কিছু নেই। ভারত সবসময় দুই দেশের জনগণের মধ্যকার পারস্পরিক সম্পর্ক আরও সুদৃঢ় করতে আগ্রহী।
এ সময় বাংলাদেশের রাজনীতি প্রসঙ্গে এক প্রশ্নের জবাবে তিনি বলেন, দেশের রাজনৈতিক বিষয়গুলো এখানকার নির্বাচিত সরকারই সবচেয়ে ভালো বোঝে। ভারতের মূল লক্ষ্য হলো দুই দেশের জনগণের সঙ্গে জনগণের মেলবন্ধন ও সম্পৃক্ততা বৃদ্ধি করা।
Comments