টঙ্গীর চেরাগআলীতে ওষুধ কারখানায় আগুন, নিয়ন্ত্রণে কাজ করছে ৮ ইউনিট
গাজীপুরের টঙ্গী চেরাগআলী এলাকার একটি ওষুধ কারখানার গোডাউনে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। বুধবার (১৪ অক্টোবর) সকাল ১০টা ১৫ মিনিটের দিকে এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে।
বর্তমানে আগুন নিয়ন্ত্রণে কাজ করছে ফায়ার সার্ভিসের ৮টি ইউনিট। এছাড়াও ঘটনাস্থলের উদ্দেশে রওনা হয়েছে আরও ৯টি ইউনিট।
ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স সদর দপ্তরের মিডিয়া সেল কর্মকর্তা শাহজাহান শিকদার জানান, বুধবার সকাল ১০টা ১৫ মিনিটে অগ্নিকাণ্ডের খবর পাওয়ার পরপরই ফায়ার সার্ভিসের ইউনিটগুলো চেরাগআলীর উদ্দেশে রওনা হয়। সংশ্লিষ্ট স্টেশন থেকে দুর্ঘটনাস্থলের দূরত্ব প্রায় দুই কিলোমিটার হওয়ায় ১০টা ২৫ মিনিটে সেখানে পৌঁছে ফায়ার কর্মীরা দ্রুত আগুন নেভানোর কাজ শুরু করেন।
তবে অগ্নিকাণ্ডের প্রাথমিক কারণ, ক্ষয়ক্ষতির সম্ভাব্য পরিমাণ কিংবা কোনো হতাহতের ঘটনা ঘটেছে কি না সে বিষয়ে তাৎক্ষণিকভাবে ফায়ার সার্ভিসের পক্ষ থেকে কিছু জানানো সম্ভব হয়নি।
Comments