আইপিইউ সম্মেলন শেষে দেশে ফিরলেন স্পিকার
তানজানিয়ার আরুশায় অনুষ্ঠিত ইন্টার-পার্লামেন্টারি ইউনিয়নের (আইপিইউ) ১৫৩তম সম্মেলনে অংশগ্রহণ শেষে দেশে ফিরেছেন জাতীয় সংসদের স্পিকার হাফিজ উদ্দিন আহমদ বীর বিক্রম। রোববার (১১ অক্টোবর) ঢাকায় পৌঁছালে জাতীয় সংসদ সচিবালয় ও পররাষ্ট্র মন্ত্রণালয়ের সংশ্লিষ্ট কর্মকর্তারা তাঁকে স্বাগত জানান।
গত ৫ অক্টোবর আইপিইউর এশিয়া-প্যাসিফিক গ্রুপের (এপিজি) চেয়ারম্যান হিসেবে আনুষ্ঠানিকভাবে দায়িত্ব গ্রহণ করেন স্পিকার হাফিজ উদ্দিন আহমদ। ভুটানের স্পিকার টেম্পা দর্জির কাছ থেকে তিনি এ দায়িত্ব বুঝে নেন।
এদিকে, একই দিনে অনুষ্ঠিত আইপিইউর ১৫৩তম অ্যাসেম্বলিতে এশিয়া-প্যাসিফিক গ্রুপের প্রতিনিধি হিসেবে নির্বাহী কমিটির সদস্য নির্বাচিত হন বাংলাদেশের জাতীয় সংসদের পররাষ্ট্র মন্ত্রণালয়-সম্পর্কিত স্থায়ী কমিটির সভাপতি ব্যারিস্টার জহরত আদিব চৌধুরী।
স্পিকারের এপিজি চেয়ারম্যানের দায়িত্ব গ্রহণ এবং বাংলাদেশের প্রতিনিধির নির্বাহী কমিটিতে নির্বাচিত হওয়ার ঘটনা আন্তর্জাতিক সংসদীয় কূটনীতিতে দেশের অবস্থানকে আরও সুদৃঢ় করার ক্ষেত্রে গুরুত্বপূর্ণ হিসেবে বিবেচিত হচ্ছে।
এশিয়া-প্যাসিফিক গ্রুপে বর্তমানে ৩৭টি দেশ সদস্য হিসেবে রয়েছে। এ গ্রুপের নেতৃত্বে বাংলাদেশের প্রতিনিধিত্ব আন্তর্জাতিক সংসদীয় পরিসরে আরও বিস্তৃত হবে বলে আশা করা হচ্ছে।
স্পিকারের সফরসঙ্গী হিসেবে সংসদীয় প্রতিনিধিদলে ছিলেন জাতীয় সংসদের হুইপ মিয়া নুরুদ্দিন আহম্মেদ অপু এবং সংসদ সদস্য সরওয়ার জামাল নিজাম, এ. ই. সুলতান মাহমুদ বাবু, মো. শামছুর রহমান শিমুল বিশ্বাস, এস কে আজিজুল বারী, হুমাম কাদের চৌধুরী, মীর আহমাদ বিন কাসেম, সানসিলা জেবরিন ও রোকেয়া বেগম।
ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে প্রতিনিধিদল পৌঁছালে জাতীয় সংসদ সচিবালয় ও পররাষ্ট্র মন্ত্রণালয়ের কর্মকর্তারা তাঁদের অভ্যর্থনা জানান।
Comments