টঙ্গীতে ড্রাগ ইন্টারন্যাশনালের কারখানায় ভয়াবহ আগুন, ১৬ ইউনিটেও নিয়ন্ত্রণে আসেনি
গাজীপুরের টঙ্গীর চেরাগ আলী এলাকায় ড্রাগ ইন্টারন্যাশনাল লিমিটেডের ওষুধ কারখানায় ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। আজ বুধবার (১৪ অক্টোবর) সকাল সোয়া ১০টার দিকে প্রতিষ্ঠানটির ইউনিট-২-এ আগুনের সূত্রপাত হয় এবং পরবর্তীতে তা পাশের আরেকটি চারতলা ভবনে ছড়িয়ে পড়ে। আগুনের তীব্রতা ও ব্যাপকতা এতটাই বেশি যে তা নিয়ন্ত্রণে আনতে হিমশিম খেতে হচ্ছে ফায়ার সার্ভিসের কর্মীদের।
আগুন নিয়ন্ত্রণে বর্তমানে গাজীপুর, টঙ্গী, উত্তরা ও আশপাশের বিভিন্ন স্টেশন থেকে ফায়ার সার্ভিসের মোট ১৬টি ইউনিট যৌথভাবে কাজ করছে। এছাড়া ঘটনাস্থলের পথে আরও ৩টি ইউনিট রয়েছে। প্রথমে ড্রাগ ইন্টারন্যাশনালের একটি ভবনে আগুন লাগলেও তা দ্রুত পাশের একটি চারতলা ভবনেও ছড়িয়ে পড়ে। কারখানার ভেতরের নিজস্ব পানির ব্যবস্থা দ্রুত ফুরিয়ে যাওয়ায় দেখা দেয় পানির সংকট। পরবর্তীতে টঙ্গী, উত্তরা ও আশপাশের বিভিন্ন স্থান থেকে পানিবাহী গাড়ি এনে আগুন নেভানোর কাজে যুক্ত করা হয়।
প্রত্যক্ষদর্শী ও ফায়ার সার্ভিস সূত্রে জানা গেছে, কারখানার ভেতরে প্রচুর পরিমাণে কেমিক্যাল ও অন্যান্য দাহ্য উপকরণ থাকায় অগ্নিনির্বাপণ কার্যক্রম অত্যন্ত জটিল হয়ে উঠেছে। আগুনের প্রচণ্ড তাপ, ঘন ধোঁয়া এবং রাসায়নিকের তীব্র গন্ধে আশপাশের পুরো এলাকায় শ্বাসরুদ্ধকর ও অস্বস্তিকর পরিবেশের সৃষ্টি হয়েছে। রাসায়নিকের কারণে কোনো বড় ধরনের স্বাস্থ্যঝুঁকি তৈরি হয়েছে কি না, তা এখনও নিশ্চিত করা যায়নি।
টঙ্গী ফায়ার সার্ভিস স্টেশনের স্টেশন অফিসার শাহীন আলম জানিয়েছেন, আগুনের লেলিহান শিখা খুব তীব্র হওয়ায় আগুন নেভাতে বেশ বেগ পেতে হচ্ছে। তবে ফায়ার সার্ভিসের কর্মীরা আগুন যাতে আশপাশের অন্যান্য স্থাপনায় আর না ছড়ায় এবং দ্রুত সম্পূর্ণ নিয়ন্ত্রণে আসে, সে জন্য সর্বাত্মক চেষ্টা চালিয়ে যাচ্ছেন।
এখন পর্যন্ত আগুনের প্রকৃত সূত্রপাত, হতাহতের সংখ্যা কিংবা ক্ষয়ক্ষতির আর্থিক পরিমাণ সম্পর্কে বিস্তারিত কোনো তথ্য পাওয়া যায়নি।
Comments