কঠোর নিরাপত্তায় রূপপুরে পৌঁছাল পারমাণবিক জ্বালানির শেষ চালান
পাবনার ঈশ্বরদীতে নির্মাণাধীন রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রে রাশিয়া থেকে আমদানি করা ইউরেনিয়ামের (পারমাণবিক জ্বালানি) শেষ চালান পৌঁছেছে। শুক্রবার (২৭ নভেম্বর) ভোর ৫টা ৪৮ মিনিটে কঠোর নিরাপত্তাবলয়ের মধ্য দিয়ে ইউরেনিয়ামবাহী তিনটি বিশেষায়িত লরি উপজেলার পাকশীতে অবস্থিত প্রকল্প এলাকায় প্রবেশ করে। এর মধ্য দিয়ে কেন্দ্রটির দুটি ইউনিটের জন্য নির্ধারিত মোট নয়টি চালানে জ্বালানি পরিবহনের কার্যক্রম সফলভাবে সম্পন্ন হলো।
প্রকল্পসংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, আগের চালানগুলোর মতোই প্রথম ইউনিটের জন্য আনা এই শেষ চালানটি সড়কপথে বাংলাদেশ সেনাবাহিনীর তত্ত্বাবধানে ও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর নিশ্ছিদ্র নিরাপত্তায় প্রকল্প এলাকায় পৌঁছানো হয়। দীর্ঘ প্রক্রিয়া শেষে জ্বালানি আমদানির এই গুরুত্বপূর্ণ ধাপটি সম্পন্ন হওয়ায় রূপপুর প্রকল্প আরও একটি বড় মাইলফলক অর্জন করল।
রাশিয়ার রাষ্ট্রীয় পারমাণবিক শক্তি করপোরেশন রোসাটমের পরিকল্পনা অনুযায়ী, দ্বিতীয় ইউনিটের জন্য সাতটি কার্গো বিমানে ১৬৩টি ইউরেনিয়াম অ্যাসেম্বলি এবং প্রথম ইউনিটে পুনরায় জ্বালানি সরবরাহের জন্য দুটি কার্গো বিমানে আরও ৪৮টি অ্যাসেম্বলি আনার কথা ছিল। আজকের চালান পৌঁছানোর মধ্য দিয়ে নির্ধারিত সব জ্বালানি দেশে আনা শেষ হলো।
এদিকে, জ্বালানি পরিবহন সম্পন্ন হওয়ার পাশাপাশি কেন্দ্রটির প্রথম ইউনিট থেকে জাতীয় গ্রিডে পরীক্ষামূলক বিদ্যুৎ সরবরাহের কাজও দ্রুতগতিতে এগিয়ে চলছে। গত ১৭ নভেম্বর বিকেল ৩টা ১৬ মিনিটে প্রথমবারের মতো জাতীয় গ্রিডের সঙ্গে যুক্ত হয় রূপপুরের প্রথম ইউনিট। সেদিন টানা সাড়ে আট ঘণ্টার বেশি সময় ধরে সর্বোচ্চ ৩৭৫ মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদনের পর রাত ১১টা ৫০ মিনিটে তা সাময়িকভাবে বন্ধ করা হয়।
রূপপুর প্রকল্পের পরিচালক ড. মো. কবীর হোসেন জানান, দ্বিতীয় দফায় পরীক্ষামূলক বিদ্যুৎ সরবরাহের কার্যক্রম গত ২৩ নভেম্বর সকাল ১০টা ২০ মিনিট থেকে শুরু হয়েছে। এ পর্যায়ে ১০ থেকে ২৪ ঘণ্টা পর্যন্ত জাতীয় গ্রিডে ৩০০ থেকে ৩৫০ মেগাওয়াট বিদ্যুৎ সরবরাহের পরীক্ষা চালানো হয়।
রাশিয়ার প্রযুক্তিতে নির্মিত রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রে ভিভিইআর-১২০০ মডেলের দুটি ইউনিট রয়েছে, যার প্রতিটির উৎপাদনক্ষমতা ১ হাজার ২০০ মেগাওয়াট। দুটি ইউনিট পূর্ণ সক্ষমতায় চালু হলে জাতীয় গ্রিডে মোট ২ হাজার ৪০০ মেগাওয়াট বিদ্যুৎ যুক্ত হবে।
Comments