সাবেক চেয়ারম্যান সেলিম খানের ভাইয়ের বাড়িতে আগুন
চাঁদপুর সদর উপজেলার ১০ নম্বর লক্ষ্মীপুর মডেল ইউনিয়নে ৫ আগস্টে পিতা-পুত্রসহ নিহত সাবেক চেয়ারম্যান সেলিম খানের ভাই মো. বোরহান খান টেলুর বাড়িতে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। শনিবার (২৮ নভেম্বর) রাত আনুমানিক ১০টা ৩০ মিনিটের দিকে এ ঘটনা ঘটে। এ ঘটনায় দুর্বৃত্তরা পরিকল্পিতভাবে আগুন দিয়েছে বলে অভিযোগ উঠেছে। তবে আগুন লাগার প্রকৃত কারণ এখনো নিশ্চিত হওয়া যায়নি।
স্থানীয় সূত্রে জানা যায়, শনিবার রাত সাড়ে ১০টার দিকে বোরহান খান টেলুর বাড়িতে আগুন দেখতে পান আশপাশের লোকজন। মুহূর্তের মধ্যে আগুন ছড়িয়ে পড়ার আশঙ্কা দেখা দিলে বিষয়টি ফায়ার সার্ভিসকে জানানো হয়। খবর পেয়ে চাঁদপুর দক্ষিণ ফায়ার স্টেশনের দুটি ইউনিট দ্রুত ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে কাজ শুরু করে।
সরেজমিনে দেখা যায়, অগ্নিকাণ্ডে বাড়ির একটি কাঠের ঘর ও বসতঘরের ভেতরে থাকা একটি সোফা পুড়ে গেছে। ফায়ার সার্ভিসের কর্মীদের প্রচেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আসায় বড় ধরনের ক্ষয়ক্ষতি থেকে রক্ষা পায় বসতঘরটি।
চাঁদপুর জেলা ফায়ার সার্ভিসের সহকারী পরিচালক মোহাম্মদ আব্দুল্লাহ প্রতিবেদককে জানান, অগ্নিকাণ্ডের খবর পাওয়ার পরপরই ফায়ার সার্ভিসের সদস্যরা ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনেন।
ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স চাঁদপুরের প্রাথমিক অগ্নিকাণ্ড প্রতিবেদন অনুযায়ী, রাত ১০টা ৩০ মিনিটে অগ্নিকাণ্ডের সংবাদ পাওয়ার পর রাত ১০টা ৩০ মিনিটে স্টেশন থেকে ইউনিট রওনা হয়। রাত ১১টা ৩০ মিনিটে ঘটনাস্থলে পৌঁছে দুটি ইউনিট আগুন নিয়ন্ত্রণে কাজ শুরু করে। রাত ১২টা ১৫ মিনিটে আগুন নিয়ন্ত্রণে আসে এবং রাত ১২টা ২৯ মিনিটে সম্পূর্ণ নির্বাপণ করা হয়।
প্রতিবেদনে অগ্নিকাণ্ডে আনুমানিক তিন লাখ টাকার ক্ষয়ক্ষতির কথা উল্লেখ করা হয়েছে। পাশাপাশি প্রায় ৫০ লাখ টাকার সম্পদ উদ্ধারের তথ্য দেওয়া হয়েছে। অগ্নিকাণ্ডের কারণ হিসেবে প্রতিবেদনে 'তদন্ত সাপেক্ষে' উল্লেখ করা হয়েছে। এ ঘটনায় কোনো হতাহতের তথ্য পাওয়া যায়নি।
এদিকে, সাবেক চেয়ারম্যান সেলিম খানের ভাইয়ের বাড়িতে আগুন দেওয়ার অভিযোগকে কেন্দ্র করে এলাকায় নানা আলোচনা তৈরি হয়েছে। তবে এটি পরিকল্পিত অগ্নিসংযোগ, নাকি দুর্ঘটনাজনিত অগ্নিকাণ্ড—তা এখনো নিশ্চিত নয়।
ঘটনার প্রকৃত কারণ উদ্ঘাটনে নিরপেক্ষ তদন্তের দাবি জানিয়েছেন স্থানীয়রা। একই সঙ্গে অগ্নিকাণ্ডের সঙ্গে কেউ জড়িত থাকলে তদন্তের মাধ্যমে তাদের শনাক্ত করে প্রচলিত আইনে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের দাবি উঠেছে। তবে এ ঘটনায় এখন পর্যন্ত কোনো লিখিত অভিযোগ, মামলা কিংবা আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর তদন্তের অগ্রগতির তথ্য পাওয়া যায়নি।
Comments