শেখ হাসিনার বক্তব্য প্রচার প্রসঙ্গে ভারত অবস্থান স্পষ্ট করলো
গণ-অভ্যুত্থানের মুখে দেশ ছেড়ে ভারতে অবস্থান করা সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার বক্তব্য দেওয়ার ঘটনাকে কেন্দ্র করে সৃষ্ট পরিস্থিতিতে নিজেদের অবস্থান পরিষ্কার করেছে ভারত। দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে, এই আয়োজনটি সম্পূর্ণ একটি বেসরকারি গণমাধ্যমের এবং এর সঙ্গে ভারতীয় কেন্দ্রীয় সরকারের কোনো ধরনের সংশ্লিষ্টতা বা সম্পৃক্ততা নেই।
মঙ্গলবার (৪ আগস্ট) নয়াদিল্লিতে অনুষ্ঠিত নিয়মিত সাপ্তাহিক ব্রিফিংয়ে ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র রণধীর জয়সওয়াল এসব কথা বলেন। দিল্লিতে একটি বেসরকারি গণমাধ্যম আয়োজিত সম্মেলনে শেখ হাসিনার সম্ভাব্য বক্তব্য দেওয়া নিয়ে প্রশ্ন করা হলে তিনি স্পষ্ট জানান, ওই অনুষ্ঠানে প্রকাশিত কোনো মতামতের দায় বা সমর্থন ভারত সরকারের নেই।
উল্লেখ্য, এর আগে ঢাকার পক্ষ থেকে ভারতের হাইকমিশনারের সঙ্গে বৈঠকে জোরালোভাবে বলা হয়েছিল, শেখ হাসিনাকে ভারতের মাটি ব্যবহার করে বাংলাদেশে অস্থিতিশীলতা তৈরি করতে পারে—এমন কোনো রাজনৈতিক তৎপরতা বা বক্তব্য দেওয়ার সুযোগ দেওয়া উচিত নয়।
এদিকে ব্রিফিংয়ে বাংলাদেশের প্রধানমন্ত্রী তারেক রহমানকে ব্রিকস সম্মেলনে আমন্ত্রণের বিষয়ে মুখপাত্র জানান, ২০২৬ সালের ফেব্রুয়ারিতে দায়িত্ব গ্রহণের পর তাঁকে যে সফরের আমন্ত্রণ জানানো হয়েছিল তা বহাল রয়েছে। পাশাপাশি আঞ্চলিক জোট বিমসটেকের বর্তমান চেয়ারম্যান হিসেবেই তাঁকে আগামী ১৮তম ব্রিকস শীর্ষ সম্মেলনের আউটরিচ সেশনে আমন্ত্রণ জানানো হয়েছে। এছাড়া গঙ্গা পানি বণ্টন চুক্তি নবায়ন প্রসঙ্গে তিনি বলেন, দুই দেশের প্রতিষ্ঠিত কূটনৈতিক ও কারিগরি কাঠামোর মাধ্যমেই এ বিষয়ে আলোচনা এগিয়ে নেওয়া হবে।
Comments