বাংলাদেশিদের জন্য ভিসা কার্যক্রম দ্রুত স্বাভাবিক করার সুপারিশ ভারতের সংসদীয় কমিটির
বাংলাদেশি নাগরিকদের জন্য ভিসা প্রক্রিয়া সীমিত হয়ে যাওয়ায় গভীর উদ্বেগ প্রকাশ করেছে ভারতের সংসদীয় কমিটির পররাষ্ট্রবিষয়ক স্থায়ী কমিটি। দুই দেশের জনগণের পারস্পরিক যোগাযোগ ও আস্থা বজায় রাখতে দ্রুত ভিসা কার্যক্রম স্বাভাবিক করার সুপারিশ করেছে তারা।
ভারতের সংবাদমাধ্যম 'টাইমস অব ইন্ডিয়া'র প্রকাশিত প্রতিবেদন ও সংসদীয় কমিটির নবম প্রতিবেদনের সুপারিশ পর্যালোচনায় এ তথ্য উঠে এসেছে।
নিরাপত্তাজনিত কারণে ভিসা প্রক্রিয়া ও আবেদন নিষ্পত্তির হার কমে যাওয়ায় দুই দেশের জনগণের সম্পর্কে নেতিবাচক প্রভাব পড়তে পারে। তাই পরিস্থিতি অনুকূলে থাকা সাপেক্ষে নিরাপত্তা সংস্থাগুলোর সঙ্গে সমন্বয় করে ধাপে ধাপে পূর্ণাঙ্গ ভিসা কার্যক্রম চালুর উদ্যোগ নিতে পররাষ্ট্র মন্ত্রণালয়কে পরামর্শ দিয়েছে কমিটি।
নিয়মিত ভিসানীতি পর্যালোচনা, আবেদনকারীদের অভিযোগ নিষ্পত্তি এবং বৈধ ভ্রমণকারীদের অপ্রয়োজনীয় ভোগান্তি রোধে একটি দ্বিপক্ষীয় কনস্যুলার সহযোগিতা ব্যবস্থা গড়ে তোলার সুপারিশ করা হয়েছে।
২০২৪ সালের ৫ আগস্ট বাংলাদেশের রাজনৈতিক পটপরিবর্তনের পর উদ্ভূত নিরাপত্তা পরিস্থিতির কারণে ভারত সরকার বাংলাদেশ থেকে তাদের কনস্যুলার কর্মীদের প্রত্যাহার করে নেয় এবং ভিসা কার্যক্রম উল্লেখযোগ্যভাবে সীমিত করে।
বর্তমানে বাংলাদেশের পাঁচটি ভারতীয় ভিসাকেন্দ্রের মাধ্যমে প্রতিদিন গড়ে প্রায় ১ হাজার ৫০০টি ভিসা ইস্যু করা হচ্ছে, যার প্রায় ৮০ শতাংশই চিকিৎসা বা মেডিকেল ভিসা।
Comments