ভারতের দুই মুখ্যমন্ত্রীকে আম উপহার বাংলাদেশের
কূটনৈতিক সম্পর্ক ও পারস্পরিক সৌহার্দ্য আরও সুদৃঢ় করতে ভারতের দুই প্রতিবেশী রাজ্যের মুখ্যমন্ত্রীর কাছে শুভেচ্ছা উপহার হিসেবে সুস্বাদু আম পাঠিয়েছে বাংলাদেশ সরকার। পশ্চিমবঙ্গের নবনির্বাচিত মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী এবং ত্রিপুরার মুখ্যমন্ত্রী ডা. মানিক সাহার জন্য এই উপহার পাঠানো হয়েছে। একই সঙ্গে দুই রাজ্যের বিশিষ্ট ব্যক্তিত্ব এবং উচ্চপদস্থ কর্মকর্তাদের জন্য সবমিলিয়ে ১,১০০ কেজি আম পাঠানো হয়েছে।
মঙ্গলবার বিকেলে যশোরের বেনাপোল সীমান্ত এবং ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়া স্থলবন্দর দিয়ে এই আমগুলো ভারতের কলকাতায় নিযুক্ত বাংলাদেশ উপ-দূতাবাস ও আগরতলায় নিযুক্ত বাংলাদেশের সহকারী দূতাবাসের কাছে আনুষ্ঠানিকভাবে হস্তান্তর করা হয়।
বাংলাদেশের পররাষ্ট্র মন্ত্রণালয়ের পক্ষ থেকে পাঠানো উপহারের তালিকায় রয়েছে এদেশের বিখ্যাত ও সুস্বাদু আম্রপালি ও হাঁড়িভাঙা আম। দুই রাজ্যে আম বণ্টনের চিত্র নিম্নরূপ: ১০০টি কার্টনে ৫ কেজি করে মোট ৫০০ কেজি আম। ১২০টি কার্টনে ৫ কেজি করে মোট ৬০০ কেজি আম।
পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী এবং ত্রিপুরার মুখ্যমন্ত্রী মানিক সাহা—এই দুই রাজ্যের শীর্ষ নেতার জন্য পৃথকভাবে ১০০ কেজি করে আম বরাদ্দ দেওয়া হয়েছে।
বাকি ৯০০ কেজি আম দুই রাজ্যের মন্ত্রী, বিশিষ্ট নাগরিক, রাজনৈতিক ব্যক্তিত্ব এবং উচ্চপদস্থ সরকারি কর্মকর্তাদের মধ্যে শুভেচ্ছা উপহার হিসেবে বিতরণ করা হবে।
Comments