সাত বছরের ছোট ক্রিকেটারকে বিয়ে করলেন ভারতীয় অভিনেত্রী
ভারতীয় ক্রিকেট ও বিনোদন অঙ্গনের তারকা জুটির তালিকায় যুক্ত হলো নতুন নাম। জাতীয় টি-টোয়েন্টি দলের ক্রিকেটার রমনদীপ সিংকে বিয়ে করেছেন ভারতীয় অভিনেত্রী ও রিয়েলিটি শো তারকা চার্লি চৌহান। পাঞ্জাবি রীতিতে বিয়ের আনুষ্ঠানিকতা সম্পন্ন করে দীর্ঘ আট বছরের সম্পর্কের ইতি টেনে নতুন জীবনে পা রেখেছেন তারা।
শুক্রবার (৭ আগস্ট) পরিবার ও ঘনিষ্ঠ বন্ধুদের উপস্থিতিতে একটি গুরুদ্বারে পাঞ্জাবি রীতিতে বিয়ে করেন রমনদীপ ও চার্লি। পরে সামাজিক যোগাযোগমাধ্যমে বিয়ের ছবি প্রকাশ করেন অভিনেত্রী।
বিয়ের পর আলোচনায় এসেছে তাদের বয়সের ব্যবধানও। রমনদীপের বয়স ২৯ বছর, আর চার্লির ৩৬। অর্থাৎ, স্বামীর চেয়ে সাত বছরের বড় চার্লি।
জানা গেছে, প্রায় আট বছর ধরে নিজেদের সম্পর্ক গোপন রেখেছিলেন এই জুটি। বিয়ের পর সেই সম্পর্কের কথা প্রকাশ্যে আনেন তারা। বিয়েতে রমনদীপের পরনে ছিল ক্রিম রঙের কারুকাজ করা শেরওয়ানি ও মেরুন পাগড়ি। অন্যদিকে চার্লি সেজেছিলেন মেরুন রঙের ঐতিহ্যবাহী লেহেঙ্গা ও ভারী গয়নায়।
ইনস্টাগ্রামে বিয়ের ছবি প্রকাশ করে চার্লি লিখেছেন, 'আমাদের ৮ বছরের পথচলা, অবশেষে চিরদিনের জন্য।'
বিয়ের অনুষ্ঠানে দুই পরিবারের সদস্যদের পাশাপাশি উপস্থিত ছিলেন রমনদীপের কয়েকজন ক্রিকেটার বন্ধু। তাদের মধ্যে ছিলেন অর্শদীপ সিং, নামান ধীর, অশ্বিনী কুমার ও জসসিন্দর সিং। বিয়ের ছবি প্রকাশের পর ক্রিকেট ও বিনোদন জগতের অনেকেই নবদম্পতিকে শুভেচ্ছা জানিয়েছেন। শুভেচ্ছা জানিয়েছেন ভারতের টেস্ট ও ওয়ানডে দলের অধিনায়ক শুবমান গিলও।
চার্লি চৌহান টেলিভিশন ধারাবাহিক 'কাইসি ইয়ে ইয়ারিয়াতে' অভিনয়ের মাধ্যমে ব্যাপক পরিচিতি পান। এছাড়া 'রোডিজ', 'বেস্ট ফ্রেন্ডস ফরএভার', 'প্যায়ার তুনে কিয়া কিয়া' ও 'নাচ বালিয়ে ৫'-এর মতো অনুষ্ঠানেও দেখা গেছে তাকে।
এর আগে অভিনেতা ও নৃত্যশিল্পী কুনওয়ার অমরের সঙ্গে সম্পর্কে ছিলেন চার্লি। 'নাচ বালিয়ে' অনুষ্ঠানে একসঙ্গে অংশ নেওয়ার সুবাদে তারা টেলিভিশনের পরিচিত জুটি হয়ে উঠেছিলেন। তবে পরবর্তীতে ভেঙে যায় তাদের সেই সম্পর্ক।
অন্যদিকে রমনদীপ সিং এখনো ভারতীয় জাতীয় দলে নিয়মিত জায়গা করে নিতে পারেননি। ২০২৪ সালে ভারতের হয়ে দুটি আন্তর্জাতিক টি-টোয়েন্টি ম্যাচ খেলেছেন তিনি। তবে আইপিএলে শাহরুখ খানের দল কলকাতা নাইট রাইডার্সের হয়ে নিয়মিত একাদশে দেখা যায় এই মিডল অর্ডার ব্যাটারকে।
সূত্র: ইন্ডিয়ান এক্সপ্রেস
Comments