২০২৭ শিক্ষাবর্ষে স্কুলে ভর্তির নতুন নীতিমালা প্রকাশ: কোন শ্রেণিতে কত বয়স?
সরকারি ও বেসরকারি মাধ্যমিক বিদ্যালয়ে ২০২৭ শিক্ষাবর্ষে শিক্ষার্থী ভর্তির নতুন নীতিমালা প্রকাশ করেছে শিক্ষা মন্ত্রণালয়। নতুন এই নীতিমালা অনুযায়ী, প্রথম শ্রেণিতে লটারির মাধ্যমে শিক্ষার্থী নির্বাচন করা হলেও দ্বিতীয় থেকে নবম শ্রেণি পর্যন্ত লিখিত ভর্তি পরীক্ষার মাধ্যমে শিক্ষার্থী বাছাই করা হবে।
মঙ্গলবার (১৩ অক্টোবর) সন্ধ্যায় শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগ থেকে এ সংক্রান্ত নীতিমালার প্রজ্ঞাপন জারি করা হয়। মন্ত্রণালয়ের সরকারি মাধ্যমিক-১ শাখার উপসচিব তানিয়া ফেরদৌস প্রজ্ঞাপনে সই করেছেন।
নীতিমালার ২ নম্বর ধারা অনুযায়ী, 'জাতীয় শিক্ষানীতি ২০১০' অনুসরণে প্রথম শ্রেণিতে ভর্তির ক্ষেত্রে শিক্ষার্থীর বয়স নির্ধারণ করা হয়েছে। ২০২৭ সালের ১ জানুয়ারি তারিখে শিক্ষার্থীর বয়স সর্বনিম্ন ৫ বছর এবং সর্বোচ্চ ৭ বছর পর্যন্ত হতে পারবে।
বয়স যাচাইয়ের জন্য ভর্তির আবেদনপত্রের সঙ্গে অনলাইন জন্মনিবন্ধন সনদের সত্যায়িত অনুলিপি জমা দেওয়া বাধ্যতামূলক করা হয়েছে। তবে বিশেষ চাহিদাসম্পন্ন শিক্ষার্থীদের বয়স নির্ধারণের ক্ষেত্রে সর্বোচ্চ ৫ বছরের অতিরিক্ত ছাড় দেওয়া যাবে।
বিভিন্ন শ্রেণিতে ভর্তির বয়সসীমা
নতুন নীতিমালায় প্রথম থেকে নবম শ্রেণি পর্যন্ত প্রতিটি শ্রেণিতে ভর্তির জন্য সুনির্দিষ্ট বয়সসীমা নির্ধারণ করে দেওয়া হয়েছে:
-
প্রথম শ্রেণি: ৫ থেকে ৭ বছর
-
দ্বিতীয় শ্রেণি: ৬ থেকে ৮ বছর
-
তৃতীয় শ্রেণি: ৭ থেকে ৯ বছর
-
চতুর্থ শ্রেণি: ৮ থেকে ১০ বছর
-
পঞ্চম শ্রেণি: ৯ থেকে ১১ বছর
-
ষষ্ঠ শ্রেণি: ১০ থেকে ১২ বছর
-
সপ্তম শ্রেণি: ১১ থেকে ১৩ বছর
-
অষ্টম শ্রেণি: ১২ থেকে ১৪ বছর
-
নবম শ্রেণি: ১৩ থেকে ১৫ বছর
আগামী ২০২৭ শিক্ষাবর্ষ ১ জানুয়ারি শুরু হয়ে ৩১ ডিসেম্বর পর্যন্ত কার্যকর থাকবে। স্কুলগুলোতে প্রথম শ্রেণি থেকে শুরু করে আসন খালি থাকা সাপেক্ষে নবম শ্রেণি পর্যন্ত এই নীতিমালার আওতায় শিক্ষার্থী ভর্তি করা যাবে। শিক্ষার পরিবেশ ও গুণগত মান বজায় রাখার লক্ষ্যে প্রতিটি শ্রেণির একটি নির্দিষ্ট শাখায় সর্বোচ্চ ৫৫ জন শিক্ষার্থী ভর্তি করা যাবে বলে প্রজ্ঞাপনে নির্দেশ দেওয়া হয়েছে।
Comments