২৬ অক্টোবর থেকে কক্সবাজার যাচ্ছে ‘মহানগর এক্সপ্রেস’: কোন কোন স্টেশনে থামবে?
আগামী ২৬ অক্টোবর থেকে ঢাকা-কক্সবাজার রুটে যাত্রা শুরু করতে যাচ্ছে জনপ্রিয় ট্রেন 'মহানগর এক্সপ্রেস'। এর মাধ্যমে প্রথমবারের মতো ট্রেন পরিবর্তন না করেই যাত্রাপথের বিভিন্ন জেলার সাধারণ যাত্রীরা সরাসরি পর্যটন শহর কক্সবাজারে যাতায়াতের সুযোগ পাবেন।
বর্তমানে ট্রেনটি ঢাকা-চট্টগ্রাম রুটে চলাচল করছে। তবে কক্সবাজার রুটে চালু থাকা 'কক্সবাজার এক্সপ্রেস' বা 'পর্যটক এক্সপ্রেস'-এর মতো এটি বিরতিহীন বা নন-স্টপ ট্রেন হিসেবে চলবে না; বরং যাত্রাপথে বিভিন্ন গুরুত্বপূর্ণ জেলার স্টেশনে যাত্রাবিরতি করবে।
যেসব স্টেশনে থামবে ট্রেনটি
নরসিংদী, ব্রাহ্মণবাড়িয়া, কুমিল্লা, ফেনী ও চট্টগ্রামের মতো জেলার যাত্রীরা এতদিন কক্সবাজারের সরাসরি ট্রেনগুলোতে ওঠার সুযোগ পেতেন না। নতুন এই ব্যবস্থায় তারা কোনো ঝামেলা ছাড়াই সরাসরি কক্সবাজার পৌঁছাতে পারবেন। ট্রেনটি যেসব স্টেশনে থামবে—ঢাকা,বিমানবন্দর,নরসিংদী,ভৈরব বাজার,আশুগঞ্জ,ব্রাহ্মণবাড়িয়া,আখাউড়া,কসবা,কুমিল্লা,লাকসাম,নাঙ্গলকোট,ফেনী,চট্টগ্রাম।
নতুন সময়সূচি
ঢাকা থেকে ছাড়বে (৭২২ নম্বর ট্রেন): রাত ৮:৩০ মিনিটে ঢাকা ছেড়ে পরদিন সকাল ৬:০০ টায় কক্সবাজার পৌঁছাবে।
কক্সবাজার থেকে ছাড়বে (৭২১ নম্বর ট্রেন): সকাল ৯:০০ টায় কক্সবাজার থেকে ছেড়ে দুপুর ১২:১০ মিনিটে চট্টগ্রাম হয়ে সন্ধ্যা ৬:৩০ মিনিটে রাজধানীতে এসে পৌঁছাবে।
এই ট্রেনে যাত্রীরা কেবল শোভন চেয়ার নয়, বরং দীর্ঘপথের আরামদায়ক যাত্রার জন্য স্নিগ্ধা (এসি চেয়ার), এসি সিট এবং এসি বার্থ-এ ভ্রমণের সুযোগও পাবেন।
উল্লেখ্য, বর্তমানে ঢাকা-কক্সবাজার রুটে 'কক্সবাজার এক্সপ্রেস' ও 'পর্যটক এক্সপ্রেস' এবং চট্টগ্রাম-কক্সবাজার রুটে 'সৈকত এক্সপ্রেস' ও 'প্রবাল এক্সপ্রেস' নিয়মিত চলাচল করছে। এর সঙ্গে 'মহানগর এক্সপ্রেস' যুক্ত হওয়ায় পর্যটকদের যোগাযোগব্যবস্থা আরও সহজ ও বহুমুখী হবে।
Comments