ঢাকা থেকে সৌদিগামী ৮৬ ফ্লাইট বাতিল, অনিশ্চয়তায় হাজারো যাত্রী
সৌদি আরবের বিমানবন্দরগুলোতে হামলার ঘটনায় সৃষ্ট বিধিনিষেধের প্রভাবে ঢাকা থেকে সৌদিগামী ৮৬টি ফ্লাইট বাতিল হয়েছে। এতে ভ্রমণ নিয়ে অনিশ্চয়তায় পড়েছেন ১৩ হাজার ৪৯০ জন যাত্রী। বাতিল হওয়া ফ্লাইটের মধ্যে ৩৬টি সরাসরি এবং ৫০টি ট্রানজিট ফ্লাইট।
বুধবার (১৪ অক্টোবর) বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষের (বেবিচক) প্রকাশিত বিজ্ঞপ্তিতে এ তথ্য উঠে এসেছে।
বেবিচকের সর্বশেষ হিসাব অনুযায়ী, বাতিল হওয়া সরাসরি ফ্লাইটগুলোর মধ্যে বিমান বাংলাদেশ এয়ারলাইনসের ১৪টি, ইউএস-বাংলা এয়ারলাইনসের ১০টি, সৌদিয়া এয়ারলাইনসের ৫টি এবং রিয়াদ এয়ারওয়েজের ৭টি ফ্লাইট রয়েছে।
অন্যদিকে, ট্রানজিট ফ্লাইটের মধ্যে ইন্ডিগোর ২২টি, সালামএয়ারের ৪টি, ইজিপ্টএয়ারের ১টি, এমিরেটসের ১১টি, কাতার এয়ারওয়েজের ৬টি এবং ফ্লাইদুবাইয়ের ৬টি ফ্লাইট বাতিল হয়েছে।
সরাসরি ও ট্রানজিট ফ্লাইট মিলিয়ে বাতিলের সংখ্যা দাঁড়িয়েছে ৮৬টিতে। ফলে এসব ফ্লাইটের যাত্রীদের নির্ধারিত ভ্রমণসূচি ব্যাহত হয়েছে। যাত্রীদের অনেককেই নতুন করে যাত্রার সময় নির্ধারণ নিয়ে অনিশ্চয়তার মধ্যে পড়তে হয়েছে।
এদিকে, সৌদি আরবের বিমানবন্দরে হামলার পরিপ্রেক্ষিতে যাত্রীদের নিরাপত্তার বিষয়টি বিবেচনায় নিয়ে ঢাকা থেকে দাম্মাম ও রিয়াদগামী সব ফ্লাইট আগামী ১৭ অক্টোবর পর্যন্ত স্থগিত রাখার ঘোষণা দিয়েছে বিমান বাংলাদেশ এয়ারলাইনস।
পরিস্থিতি স্বাভাবিক না হওয়া পর্যন্ত সৌদিগামী যাত্রীদের ভ্রমণের আগে সংশ্লিষ্ট এয়ারলাইনসের সঙ্গে যোগাযোগ করে ফ্লাইটের সর্বশেষ অবস্থা নিশ্চিত হওয়ার পরামর্শ দেওয়া হচ্ছে।
Comments