সরকারকে সময় না দিয়ে লং মার্চ করা অনুচিত : চিফ হুইপ
বর্তমান সংকটময় পরিস্থিতিতে সরকারকে কর্মকাণ্ড মূল্যায়নের জন্য পর্যাপ্ত সময় না দিয়ে ছয় মাস পূর্ণ হওয়ার আগেই বিরোধী দলের লং মার্চের মতো কর্মসূচি পালনকে অনুচিত বলে মন্তব্য করেছেন জাতীয় সংসদের চিফ হুইপ নুরুল ইসলাম মনি। তিনি বলেন, আন্দোলন করা বিরোধী দলের গণতান্ত্রিক অধিকার হলেও বর্তমান বাস্তবতায় এ ধরনের কর্মসূচি আরও কিছুদিন পর আয়োজন করা হলে ভালো হতো।
শনিবার (৫ সেপ্টেম্বর) সকালে এমপি হোস্টেলে নিজের দপ্তরে বরিশাল ডিভিশনাল জার্নালিস্ট অ্যাসোসিয়েশনের (বিডিজেএ) নেতাদের সঙ্গে মতবিনিময়ের সময় তিনি এসব কথা বলেন।
বিরোধী দলের কর্মসূচি প্রসঙ্গে চিফ হুইপ বলেন, রাজপথে বিরোধী দলের কর্মসূচির পাল্টা কোনো সংঘাতময় কর্মসূচি দেবে না সরকারি দল। জনগণের বিবেকের ওপরই বিষয়টি ছেড়ে দেওয়া হবে। তার ভাষায়, জনগণ সবকিছু বোঝে এবং তারাই রাজনৈতিক কর্মকাণ্ডের মূল্যায়ন করবে।
তিনি আরও বলেন, সরকারের দায়িত্ব নেওয়ার ছয় মাস পূর্ণ হওয়ার আগেই বিরোধী দল রাজপথে কর্মসূচিতে নামলে এর বিচারও জনগণই করবে।
চিফ হুইপ জানান, সংসদের পরবর্তী অধিবেশনে দেশের চলমান সংকট ও জ্বালানি সমস্যা নিয়ে বিস্তারিত আলোচনা হবে। বিভিন্ন দলের সংসদ সদস্যদের দেওয়া নোটিশগুলোও সেখানে গুরুত্বের সঙ্গে বিবেচনা করা হবে।
বিএনপির এই জ্যেষ্ঠ নেতা বলেন, দুর্বল অর্থনীতি ও ক্ষতিগ্রস্ত গণতান্ত্রিক কাঠামোর মধ্যে বর্তমান সরকার দেশ পরিচালনার দায়িত্ব পেয়েছে। তার দাবি, আগের সরকারের সময়ে গণতন্ত্রের বিভিন্ন প্রতিষ্ঠান ক্ষতিগ্রস্ত হওয়ার পাশাপাশি দেশের বিপুল সম্পদও নষ্ট করা হয়েছে, যা স্বাধীনতা ও সার্বভৌমত্বের জন্য ঝুঁকি তৈরি করেছে।
বিগত সরকারের বিভিন্ন চুক্তির সমালোচনা করে নুরুল ইসলাম মনি দাবি করেন, অর্থনীতিবিদ ড. দেবপ্রিয় ভট্টাচারণের একটি প্রতিবেদনে আগের অন্তর্বর্তী সরকারের সাত মাসের মধ্যেই দেশ থেকে বিপুল পরিমাণ অর্থ লুটের তথ্য উঠে এসেছিল। পরবর্তী সময়েও দেশ থেকে অর্থ পাচারের নানা তথ্য সামনে এসেছে বলে মন্তব্য করেন তিনি।
সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার সমালোচনা করে তিনি বলেন, সাধারণ জীবনযাপনের ভাবমূর্তি তুলে ধরার চেষ্টা করা হলেও তার সরকারের বিভিন্ন সিদ্ধান্তে দেশের ব্যাপক ক্ষতি হয়েছে। তার দাবি, একটি নির্দিষ্ট দেশের সঙ্গে ৯৮ শতাংশ গ্যাসের চুক্তির কারণে দেশের জ্বালানি খাত সংকটে পড়েছে।
জ্বালানি ও বিদ্যুৎ সংকট মোকাবিলায় সরকারের বিভিন্ন উদ্যোগের কথাও তুলে ধরেন চিফ হুইপ। তিনি বলেন, নবায়নযোগ্য জ্বালানি ব্যবহারে মানুষকে উৎসাহিত করতে ১০ থেকে ৫০ টাকা পর্যন্ত রেটিং সুবিধা দেওয়া হচ্ছে। পাকিস্তানে সৌরবিদ্যুৎ ব্যবস্থায় সাফল্যের উদাহরণ তুলে ধরে তিনি বলেন, বাংলাদেশেও এ ধরনের উদ্যোগ কার্যকরভাবে বাস্তবায়ন করা গেলে জ্বালানি সংকট দ্রুত কাটিয়ে ওঠা সম্ভব।
Comments