ফ্রিজের সবজি রাখার ট্রের নিচে বারবার পানি জমছে? যে কারণে হতে পারে
ফ্রিজে সবজি রাখার ট্রের নিচে পানি বা জল জমে থাকা অনেকের কাছেই পরিচিত সমস্যা। অনেক সময় এটিকে সবজি থেকে বের হওয়া পানি মনে করে পরিষ্কার করে ফেলেন অনেকে। কিন্তু একই জায়গায় নিয়মিত পানি জমতে থাকলে বিষয়টি হালকাভাবে নেওয়া উচিত নয়। ফ্রিজের ড্রেনেজে বাধা, দরজার রাবার সিল নষ্ট হওয়া, ভুল তাপমাত্রা কিংবা অতিরিক্ত আর্দ্রতার কারণেও এমনটা হতে পারে।
ড্রেন হোল পরিষ্কার আছে কি না দেখুন
ফ্রিজের ভেতরে জমা পানি বের করে দেওয়ার জন্য সাধারণত একটি ছোট ড্রেন হোল থাকে। এটি অনেক সময় পেছনের দেয়ালে বা সবজি রাখার ট্রের কাছাকাছি অবস্থান করে। ডিফ্রস্টের সময় তৈরি হওয়া পানি এই পথ দিয়ে বের হয়ে যায়।
তবে খাবারের কণা, ধুলো-ময়লা বা বরফ জমে ড্রেন হোল বন্ধ হয়ে গেলে পানি বের হতে পারে না। তখন তা ফ্রিজের ভেতরেই জমতে থাকে এবং একপর্যায়ে সবজি রাখার ট্রের নিচে পানি দেখা যায়।
ড্রেন হোলের আশপাশে ময়লা থাকলে ফ্রিজের বিদ্যুৎ সংযোগ বন্ধ করে সেটি পরিষ্কার করা যেতে পারে। প্রয়োজন হলে সামান্য গরম পানি ব্যবহার করা যায়। তবে ভেতরে বরফ জমে থাকলে ছুরি বা অন্য কোনো ধারালো বস্তু দিয়ে তা খোঁচানো ঠিক নয়। এতে ফ্রিজের গুরুত্বপূর্ণ অংশ ক্ষতিগ্রস্ত হতে পারে।
দরজার রাবার সিল পরীক্ষা করুন
ফ্রিজের দরজা ঠিকভাবে বন্ধ না হলেও ভেতরে পানি জমতে পারে। দরজার রাবার সিল দুর্বল, ফেটে যাওয়া, বেঁকে যাওয়া বা অতিরিক্ত ময়লা হলে বাইরে থেকে গরম ও আর্দ্র বাতাস ফ্রিজের ভেতরে ঢুকে যায়। ঠান্ডা পরিবেশে সেই আর্দ্রতা ঘনীভূত হয়ে পানির ফোঁটায় পরিণত হতে পারে।
রাবার সিল হালকা সাবান ও পানি দিয়ে পরিষ্কার করে দেখতে পারেন। সেটি ফেটে গেলে বা ঢিলে হয়ে গেলে পরিবর্তনের প্রয়োজন হতে পারে।
সিল ঠিক আছে কি না বোঝার জন্য একটি সহজ পরীক্ষা করা যায়। দরজা ও রাবারের মাঝখানে একটি কাগজ রেখে দরজা বন্ধ করুন। এরপর কাগজটি টেনে বের করার চেষ্টা করুন। খুব সহজে বের হয়ে গেলে দরজার সিল ঠিকমতো কাজ করছে না—এমন সম্ভাবনা রয়েছে।
তাপমাত্রা সঠিক রাখুন
ফ্রিজের তাপমাত্রা খুব কম বা বেশি থাকলেও অতিরিক্ত বরফ ও আর্দ্রতা তৈরি হতে পারে। সাধারণভাবে খাবার সংরক্ষণের জন্য ফ্রিজের তাপমাত্রা প্রায় ৪ ডিগ্রি সেলসিয়াস রাখা উপযোগী।
তাপমাত্রা অতিরিক্ত কম হলে ফ্রিজের বিভিন্ন অংশে বরফ জমে যেতে পারে। পরে সেই বরফ গলে পানি তৈরি হতে পারে। আবার তাপমাত্রা বেশি হলে খাবার ঠান্ডা রাখা ও আর্দ্রতা নিয়ন্ত্রণে সমস্যা দেখা দিতে পারে।
গরম খাবার সরাসরি ফ্রিজে রাখবেন না
গরম খাবার থেকে বের হওয়া বাষ্প ফ্রিজের ঠান্ডা পরিবেশে গিয়ে ঘনীভূত হয়ে পানির ফোঁটায় পরিণত হয়। নিয়মিত গরম খাবার ফ্রিজে রাখলে ভেতরের আর্দ্রতা বেড়ে যেতে পারে। এর প্রভাব পড়তে পারে সবজি রাখার ট্রের আশপাশেও।
তাই রান্না করা খাবার কিছুটা ঠান্ডা হওয়ার পর ঢাকনাযুক্ত পাত্রে রেখে ফ্রিজে রাখুন। সম্ভব হলে খোলা পাত্রে খাবার সংরক্ষণ না করাই ভালো।
ফ্রিজ অতিরিক্ত ভর্তি করবেন না
ফ্রিজে প্রয়োজনের তুলনায় বেশি খাবার রাখলে ঠান্ডা বাতাস স্বাভাবিকভাবে চলাচল করতে পারে না। এতে কিছু জায়গায় অতিরিক্ত ঠান্ডা বা আর্দ্রতা তৈরি হয়ে পানি জমতে পারে।
সবজি রাখার ট্রের আশপাশে পর্যাপ্ত জায়গা রাখুন। পাশাপাশি ফ্রিজের এয়ার ভেন্টের সামনে খাবার বা কোনো পাত্র রাখা হচ্ছে কি না, সেটিও খেয়াল করুন।
ওয়াটার ডিসপেনসার বা আইস মেকার থাকলে পাইপ দেখুন
আধুনিক অনেক ফ্রিজে ওয়াটার ডিসপেনসার বা আইস মেকার থাকে। এসব সুবিধা থাকা ফ্রিজে পানির পাইপ বা সংযোগস্থলে ছোটখাটো লিক হলেও ভেতরে পানি জমতে পারে।
তাই ট্রের নিচে পানি জমার পাশাপাশি কোথাও পাইপ থেকে পানি পড়ছে কি না, সংযোগস্থলে লিকের চিহ্ন আছে কি না—সেটিও পরীক্ষা করা জরুরি।
কখন টেকনিশিয়ানের সাহায্য নেবেন?
ড্রেন হোল পরিষ্কার করার পরও যদি নিয়মিত পানি জমতে থাকে, দরজার সিল ঠিক থাকার পরও সমস্যা দেখা দেয় কিংবা তাপমাত্রা স্বাভাবিক রাখার পরও পরিস্থিতির পরিবর্তন না হয়, তাহলে ফ্রিজের ভেতরের কোনো যান্ত্রিক ত্রুটি থাকতে পারে।
ড্রেনেজ সিস্টেম, ডিফ্রস্ট ব্যবস্থা, থার্মোস্ট্যাট বা পানির পাইপলাইনে ত্রুটি থাকলে দক্ষ টেকনিশিয়ানের সাহায্য নেওয়া উচিত। দ্রুত সমস্যার কারণ শনাক্ত করতে পারলে বড় ধরনের ক্ষতি ও অতিরিক্ত মেরামত খরচ এড়ানো সম্ভব।
সূত্র: এই সময়
Comments