ভিসা নিয়ে বাংলাদেশিদের জন্য মার্কিন দূতাবাসের সতর্কবার্তা
বি১/বি২ ভিজিটর ভিসা নিয়ে যুক্তরাষ্ট্রে ভ্রমণকারী বাংলাদেশি নাগরিকদের ভিসার শর্ত মেনে চলার বিষয়ে সতর্ক করেছে ঢাকায় মার্কিন দূতাবাস। এই ভিসায় দেশটিতে অবস্থানকালে কোন ধরনের কর্মকাণ্ড অনুমোদিত নয়, তা স্পষ্ট করে দিয়েছে দূতাবাস।
শনিবার (৫ সেপ্টেম্বর) সকালে দূতাবাসের ভেরিফায়েড ফেসবুক পেজে প্রকাশিত এক বার্তায় এসব তথ্য জানানো হয়।
দূতাবাস জানিয়েছে, সন্তানের মার্কিন নাগরিকত্ব পাওয়ার উদ্দেশ্যে যুক্তরাষ্ট্রে গিয়ে সন্তান জন্ম দেওয়া, যা 'বার্থ ট্যুরিজম' নামে পরিচিত, বি১/বি২ ভিসার আওতায় অনুমোদিত নয়।
এ ছাড়া ভিজিটর ভিসায় যুক্তরাষ্ট্রে অবস্থান করে কোনো মার্কিন ব্যক্তি, নিয়োগকর্তা বা প্রতিষ্ঠানের কাছ থেকে পারিশ্রমিকের বিনিময়ে চাকরি বা কাজ করা যাবে না। একইভাবে কোনো শিক্ষাপ্রতিষ্ঠানে ডিগ্রি বা একাডেমিক ক্রেডিট অর্জনের লক্ষ্যে পূর্ণকালীন পড়াশোনাও এ ধরনের ভিসার শর্তের সঙ্গে সামঞ্জস্যপূর্ণ নয়।
মার্কিন দূতাবাসের পক্ষ থেকে বাংলাদেশি নাগরিকদের উদ্দেশে বলা হয়েছে, যুক্তরাষ্ট্রে যাওয়ার আগে বি১/বি২ ভিসার নিয়ম ও বিধিনিষেধ সম্পর্কে ভালোভাবে জেনে নেওয়া জরুরি। ভিসার শর্ত লঙ্ঘন করলে ভবিষ্যতে ভিসা-সংক্রান্ত জটিলতায় পড়ার আশঙ্কা রয়েছে।
এর আগে গত ২২ আগস্ট বাংলাদেশি শিক্ষার্থীদেরও ভিসার নিয়ম মেনে চলার বিষয়ে সতর্ক করেছিল মার্কিন দূতাবাস। তখন জানানো হয়, নির্ধারিত পড়াশোনার সঙ্গে অসামঞ্জস্যপূর্ণ কাজে যুক্ত হওয়া, নিয়মিত ক্লাসে অনুপস্থিত থাকা, শিক্ষা কার্যক্রম এড়িয়ে চলা কিংবা শিক্ষাপ্রতিষ্ঠানকে না জানিয়ে পড়াশোনা বন্ধ করে দিলে শিক্ষার্থীর ভিসা বাতিল হতে পারে।
ভিসার অপব্যবহার রোধ এবং নির্ধারিত শর্ত অনুযায়ী যুক্তরাষ্ট্রে অবস্থান নিশ্চিত করতেই এসব সতর্কবার্তা দেওয়া হচ্ছে বলে জানিয়েছে মার্কিন দূতাবাস।
Comments