ভরপেট নাশতার পরও ক্লান্তি? জেনে নিন কারণ ও সমাধান
সকালে ভালোভাবে নাশতা করার পরও অফিসে পৌঁছেই শরীর যেন নিস্তেজ হয়ে পড়ে। কাজে মন বসে না, চোখে ঘুম ঘুম ভাব আসে, আর এক কাপ কফি ছাড়া নিজেকে চাঙা করা কঠিন মনে হয়। অনেকের ক্ষেত্রেই এমন সমস্যা দেখা যায়। এর পেছনে নাশতায় খাওয়া খাবারের ধরন গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে।
নাশতার পর ক্লান্তি লাগে কেন?
সকালের খাবারে অতিরিক্ত শর্করা বা পরিশোধিত কার্বোহাইড্রেট থাকলে রক্তে গ্লুকোজের মাত্রা দ্রুত বেড়ে যেতে পারে। কর্নফ্লেক্স, বিভিন্ন ধরনের সিরিয়াল কিংবা সাদা পাউরুটির মতো খাবার এ ক্ষেত্রে ভূমিকা রাখতে পারে। রক্তে শর্করা বাড়ার পর শরীর তা নিয়ন্ত্রণে ইনসুলিন নিঃসরণ করে। পরে শর্করার মাত্রায় দ্রুত পরিবর্তন হলে দুর্বলতা, ক্লান্তি বা আবার ক্ষুধা লাগার অনুভূতি দেখা দিতে পারে।
যেসব খাবারে সমস্যা বাড়তে পারে
শুধু কার্বোহাইড্রেটসমৃদ্ধ খাবারই নয়, অতিরিক্ত চিনি রয়েছে এমন খাবার ও পানীয়ও সকালের পর শরীরের শক্তির ওঠানামায় ভূমিকা রাখতে পারে। প্যাকেটজাত ফলের জুস, মিষ্টি পানীয়, চিনি বা মধু মেশানো চা-কফি এবং মিষ্টি প্যানকেক এ ধরনের খাবারের মধ্যে রয়েছে।
লুচি, পরোটা বা অতিরিক্ত তেলযুক্ত ভাজাপোড়া খাবারও সকালে ভারী অনুভূতি তৈরি করতে পারে। এসব খাবার হজম হতে তুলনামূলক বেশি সময় লাগতে পারে এবং কারও কারও ক্ষেত্রে গ্যাস, অস্বস্তি বা অ্যাসিডিটির সমস্যা দেখা দিতে পারে। ফলে নাশতা করার পর শরীর আরও অলস ও ক্লান্ত মনে হতে পারে।
কীভাবে এড়াবেন এই সমস্যা?
সকালের নাশতায় শুধু শর্করা ও পরিশোধিত কার্বোহাইড্রেটনির্ভর খাবারের পরিবর্তে প্রোটিন ও ফাইবারযুক্ত খাবার রাখার চেষ্টা করুন। এতে দীর্ঘ সময় পেট ভরা থাকার পাশাপাশি শরীর তুলনামূলক স্থিরভাবে শক্তি পেতে পারে।
নাশতায় রাখতে পারেন ওটস, সেদ্ধ ডিম, পনির, আটার রুটি এবং বিভিন্ন ধরনের সবজি। প্রয়োজন অনুযায়ী ফলও যোগ করা যেতে পারে। পাশাপাশি পর্যাপ্ত পানি পান করুন এবং খালি পেটে অতিরিক্ত চা বা কফি খাওয়ার অভ্যাস এড়িয়ে চলুন।
তবে পর্যাপ্ত ঘুমের পরও নিয়মিত অতিরিক্ত ক্লান্তি, ঘুম ঘুম ভাব বা দুর্বলতা থাকলে চিকিৎসকের পরামর্শ নেওয়া ভালো। কারণ খাদ্যাভ্যাস ছাড়াও বিভিন্ন শারীরিক সমস্যার কারণে এমন ক্লান্তি দেখা দিতে পারে।
Comments