জন্মাষ্টমীতে শুধু ভোগ নয়, তালে তালে বানান ৩ মিষ্টি
জন্মাষ্টমী মানেই নানা ধরনের ভোগের আয়োজন। ক্ষীর, পায়েস কিংবা লুচি-পরোটার পাশাপাশি এদিনের আয়োজনে যোগ করতে পারেন তালের তৈরি ভিন্ন স্বাদের মিষ্টি। সহজ উপকরণে ঘরেই বানিয়ে নিতে পারেন তালের সন্দেশ, ল্যাংচা ও প্যাড়া।
তালের সন্দেশ
প্রথমে দুধ থেকে ছানা তৈরি করে ভালোভাবে মেখে নিন। একটি পাত্রে সামান্য ঘি গরম করে তাতে ৫০০ গ্রাম ছানা, ২ কাপ চিনি ও ১ কাপ কোরানো নারকেল দিয়ে ভালোভাবে নেড়ে পাক করতে হবে। এরপর ১ কাপ তালের রস দিয়ে মিশ্রণটি আরও কিছুক্ষণ রান্না করুন।
ছানা ও তালের রস ভালোভাবে মিশে গেলে আঁচ কমিয়ে ১ চা চামচ এলাচের গুঁড়া দিন। মিশ্রণটি ঘন হয়ে এলে চুলা বন্ধ করে ঠান্ডা হতে দিন। পরে হাতে সামান্য ঘি মেখে মিশ্রণ থেকে ছোট ছোট অংশ নিয়ে পছন্দমতো আকার দিন। চাইলে ছাঁচে ফেলে কিংবা ছুরি দিয়ে কেটে সন্দেশের আকৃতি দিতে পারেন।
তালের ল্যাংচা
এক বাটি তালের রসের সঙ্গে আধা বাটি আটা, আধা বাটি চালের গুঁড়া, সামান্য লবণ ও আধা চা চামচ মৌরি মিশিয়ে নিন। প্রয়োজনমতো চিনি দিয়ে সব উপকরণ ভালোভাবে মেখে নরম মণ্ড তৈরি করুন।
মণ্ড থেকে ছোট ছোট অংশ নিয়ে ল্যাংচার মতো লম্বাটে আকৃতি দিন। কড়াইতে সাদা তেল গরম করে ল্যাংচাগুলো বাদামি করে ভেজে নিন।
অন্যদিকে চিনি ও পানি জ্বাল দিয়ে সিরা তৈরি করুন। ভাজা ল্যাংচা গরম বা হালকা গরম সিরায় দিয়ে প্রায় এক ঘণ্টা রেখে দিন। তাহলেই তৈরি হয়ে যাবে সুস্বাদু তালের ল্যাংচা।
তালের প্যাড়া
আধা কাপ ফুল-ফ্যাট দুধের সঙ্গে আধা কাপ কোরানো নারকেল ও এক কাপ তালের রস মিশিয়ে অল্প আঁচে জ্বাল দিন। এতে পরিমাণমতো চিনি, থেঁতো করা এলাচ, সামান্য লবণ, কাজু ও খোয়া ক্ষীর দিয়ে ভালোভাবে নেড়ে ঘন পুর তৈরি করুন।
এবার এক কাপ ময়দার সঙ্গে দুই চামচ ঘি, সামান্য লবণ ও প্রয়োজনমতো পানি দিয়ে মণ্ড তৈরি করুন। মণ্ড থেকে লেচি কেটে তার মধ্যে তালের পুর ভরে প্যাড়ার আকৃতি দিন।
কড়াইতে তেল গরম করে প্যাড়াগুলো ভালোভাবে ভেজে নিন। এরপর আগে তৈরি করা চিনির সিরায় কিছুক্ষণ ডুবিয়ে রাখুন। তৈরি হয়ে যাবে সুস্বাদু তালের প্যাড়া।
জন্মাষ্টমীর ভোগের আয়োজনে এই তিন ধরনের তালের মিষ্টি যোগ করলে স্বাদ ও বৈচিত্র্য দুটিই বাড়বে।
Comments