শাড়িকাণ্ডে তানজিন তিশার বিরুদ্ধে পিবিআই প্রতিবেদন, আদালতে নারাজি
শাড়িকাণ্ডে বাংলাদেশের ছোট পর্দার জনপ্রিয় অভিনেত্রী তানজিন তিশার বিরুদ্ধে পিবিআইয়ের প্রতিবেদনে নারাজি দিয়েছেন মামলার বাদীপক্ষ। ফ্যাশন ডিজাইনার আয়েশাহ আনুম ফায়যাহ সানায়া চৌধুরীর করা প্রতারণা, বিশ্বাসভঙ্গ ও হুমকির মামলায় অভিনেত্রীর বিরুদ্ধে আনা অভিযোগের সত্যতা পাওয়া যায়নি—পিবিআইয়ের এমন প্রতিবেদনের বিরোধিতা করে ঢাকার আদালতে নারাজি আবেদন করা হয়।
বৃহস্পতিবার (৩ সেপ্টেম্বর) সানায়া চৌধুরীর পক্ষে আইনজীবী শুভ্র সিনহা রায় রনি ঢাকার অতিরিক্ত চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মো. সেফাতুল্লাহর আদালতে আবেদনটি জমা দেন।
আইনজীবী জানান, আদালত মামলার বাদী ও তিন সাক্ষীকে আগামী ২০ অক্টোবর হাজির হতে বলেছেন। ওই দিন নারাজির বিষয়ে পরবর্তী শুনানি অনুষ্ঠিত হবে।
মামলার নথি অনুযায়ী, ২০২৫ সালের ২৭ নভেম্বর তানজিন তিশার বিরুদ্ধে আদালতে মামলা করেন ফ্যাশন ডিজাইনার সানায়া চৌধুরী। অভিযোগটি আমলে নিয়ে তদন্তের জন্য পিবিআইকে দায়িত্ব দেন আদালত।
সানায়ার অভিযোগ, রাজধানীর গুলশানের ১২৭ নম্বর সড়কে তার ফ্যাশন হাউজ ও স্টুডিও রয়েছে। ২০২৪ সালের ১৩ ডিসেম্বর একটি অনুষ্ঠানে পরার জন্য তানজিন তিশা তার কাছ থেকে প্রায় ৭৫ হাজার টাকা মূল্যের একটি শাড়ি নেন। অনুষ্ঠান শেষে পরদিন শাড়িটি ফেরত দেওয়ার কথা থাকলেও সেটি আর ফেরত দেওয়া হয়নি বলে অভিযোগ করেন তিনি।
শাড়িটি ফেরত পাওয়ার জন্য ১৫ ডিসেম্বর তানজিন তিশাকে ফেসবুক মেসেঞ্জারে যোগাযোগ করেন সানায়া। তার দাবি, এরপর শাড়ি ফেরত চাওয়াকে কেন্দ্র করে তাকে গালিগালাজ এবং প্রাণনাশের হুমকি দেওয়া হয়।
পরবর্তী সময়ে ২০২৫ সালের ১৩ ও ১৮ মার্চ দুটি পুরস্কার অনুষ্ঠানে তানজিন তিশার সঙ্গে দেখা হলে আবারও শাড়িটি ফেরত চান সানায়া। তবে তখনও শাড়িটি ফেরত দেওয়া হয়নি বলে মামলায় উল্লেখ করা হয়েছে।
এ ছাড়া ১০ নভেম্বর ফেসবুক মেসেঞ্জারে ফোন করে তানজিন তিশা তাকে মামলা করা এবং সামাজিকভাবে হেয় করার হুমকি দিয়েছেন বলেও অভিযোগ করেন সানায়া। এ ঘটনায় ১২ নভেম্বর গুলশান থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করেন তিনি।
তবে তদন্ত শেষে গত ২৫ মে ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতে প্রতিবেদন জমা দেয় পিবিআই। তদন্ত কর্মকর্তা উপ-পরিদর্শক মো. জাহাঙ্গীর আলমের প্রতিবেদনে তানজিন তিশার বিরুদ্ধে আনা অভিযোগের সত্যতা পাওয়া যায়নি বলে উল্লেখ করা হয়।
এবার সেই তদন্ত প্রতিবেদনের বিরুদ্ধেই আদালতে নারাজি আবেদন করলেন মামলার বাদী। আগামী ২০ অক্টোবর শুনানির পর এ বিষয়ে আদালতের পরবর্তী সিদ্ধান্ত জানা যাবে।
Comments