১০ নিম্নমানের পণ্য বাজার থেকে প্রত্যাহারের নির্দেশ বিএসটিআইয়ের
ল্যাবরেটরি পরীক্ষায় নির্ধারিত মানদণ্ড পূরণে ব্যর্থ হওয়ায় বম্বে সুইটসের পাঁচ ধরনের মসলা ও বাঘাবাড়ি ঘি সহ ১০টি নিম্নমানের পণ্য বাজার থেকে প্রত্যাহারের নির্দেশ দিয়েছে বাংলাদেশ স্ট্যান্ডার্ডস অ্যান্ড টেস্টিং ইনস্টিটিউশন (বিএসটিআই)। একই সঙ্গে এসব প্রতিষ্ঠানের লাইসেন্স কেন বাতিল করা হবে না, তা জানতে চেয়ে কারণ দর্শানোর নোটিশও দেওয়া হয়েছে।
পরীক্ষায় নিম্নমানের প্রমাণিত এসব পণ্য কেনাকাটা ও ব্যবহার থেকে বিরত থাকার জন্য ভোক্তাদের বিশেষ পরামর্শ দিয়েছে সংস্থাটি।
বিএসটিআইয়ের নিয়মিত সার্ভিল্যান্সের অংশ হিসেবে সংগৃহীত নমুনার ল্যাবরেটরি পরীক্ষায় যে পণ্যগুলো মানদণ্ড অর্জনে ব্যর্থ হয়েছে, সেগুলো হলো:
বম্বে সুইটস অ্যান্ড কোং লিমিটেডের ৫টি মসলা: কারী পাউডার হাঁসের মাংসের মসলা, তেহারি মসলা, কালা ভুনা মসলা, গরুর মাংসের মসলা এবং মাছের মসলা। (পরীক্ষায় এগুলোতে বাংলাদেশ মান অনুযায়ী অতিরিক্ত মাত্রায় ছাই বা 'এ্যাস' এবং লবণ পাওয়া গেছে)।
ঘি ও বাটার অয়েল:বাঘাবাড়ি প্রিমিয়াম ঘি কোম্পানির 'বাঘাবাড়ি' ব্র্যান্ডের ঘি। কিশোরগঞ্জ ফুড প্রোডাক্টসের 'অরুন বাঘাবাড়ী' ব্র্যান্ডের ঘি। মেসার্স মামুন ফুড প্রোডাক্টের 'নিউ রাঁধুনী' ও 'সিটি' ব্র্যান্ডের ঘি। এলডার্স ফুড প্রোডাক্টস অ্যান্ড প্যাকেজিং ইন্ডাস্ট্রিজের 'এলডার্স' ব্র্যান্ডের বাটার অয়েল।
ল্যাব পরীক্ষায় দেখা গেছে, বাঘাবাড়ি ব্র্যান্ডসহ উল্লেখিত প্রতিষ্ঠানগুলোর তথাকথিত ঘিয়ে মূলত কোনো খাঁটি মিল্ক ফ্যাট বা দুধের চর্বি নেই। পাম অলিন ও বনস্পতি দিয়ে তৈরি করে সেগুলোকে 'ঘি' নামে বাজারজাত করা হচ্ছিল। এছাড়া রিফ্র্যাক্টিভ ইনডেক্স, আয়োডিন ভ্যালু, স্যাপোনিফিকেশন ভ্যালু এবং পলেন্সকে ভ্যালু নির্ধারিত সীমার বাইরে থাকায় এগুলো মান পরীক্ষায় ফেল করে।
বিএসটিআইর কঠোর বার্তা ও ভোক্তাদের প্রতি পরামর্শ
এ বিষয়ে বিএসটিআইয়ের মহাপরিচালক (সচিব) কাজী ইমদাদুল হক বলেন, জাতীয় মান অনুসারে পণ্যের গুণগত মান বজায় রাখা প্রতিটি লাইসেন্সপ্রাপ্ত প্রতিষ্ঠানের আইনগত ও নৈতিক দায়িত্ব। এই দায়িত্ব পালনে ব্যর্থ হলে বিএসটিআই কঠোর আইনি ব্যবস্থা নিতে পিছপা হবে না। ভেজাল ও নকল রোধে তাদের নজরদারি অব্যাহত রয়েছে।
পণ্য ক্রয়ের ক্ষেত্রে ক্রেতাদের যে বিষয়গুলো যাচাই করার অনুরোধ জানানো হয়েছে:
-
বিএসটিআইয়ের মানচিহ্ন ও লাইসেন্স নম্বর
-
উৎপাদনের ও মেয়াদোত্তীর্ণের তারিখ
-
পণ্যের সঠিক উপাদান ও অন্যান্য বিবরণ
কোনো পণ্যের মান নিয়ে সন্দেহ বা ভেজালের অভিযোগ থাকলে তাৎক্ষণিকভাবে বিএসটিআইয়ের হটলাইন ১৬১১৯ নম্বরে কল করে অথবা dg@bsti.gov.bd ই-মেইলে তা জানানোর জন্য অনুরোধ করা হয়েছে।
Comments