সীমান্তে কাঁটাতার নির্মাণে বিএসএফকে জমি দিচ্ছে পশ্চিমবঙ্গ সরকার
ভারত-বাংলাদেশ সীমান্তে কাঁটাতার নির্মাণে দীর্ঘদিনের জটিলতা নিরসনে বড় পদক্ষেপ নিয়েছে পশ্চিমবঙ্গের নবগঠিত বিজেপি সরকার। সীমান্ত নিরাপত্তা জোরদার করতে বিএসএফ-এর জন্য নির্ধারিত জমি আগামী ৪৫ দিনের মধ্যে হস্তান্তরের সিদ্ধান্ত নিয়েছে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর নেতৃত্বাধীন মন্ত্রিসভা।
পশ্চিমবঙ্গে ক্ষমতায় আসার পর মন্ত্রিসভার প্রথম বৈঠকেই এই বড় সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
বিএসএফ-এর জন্য প্রয়োজনীয় জমি দ্রুত বুঝিয়ে দেওয়ার জন্য মুখ্যসচিব এবং ভূমি ও রাজস্ব সচিবকে নির্দেশ দেওয়া হয়েছে। এই প্রক্রিয়া আগামী ৪৫ দিনের মধ্যে সম্পন্ন করার সময়সীমা বেঁধে দেওয়া হয়েছে। মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী সাংবাদিকদের জানান, তাঁর সরকার 'ডাবল ইঞ্জিন' মডেলে (কেন্দ্র ও রাজ্যে একই দলের সরকার) দল-মত নির্বিশেষে সবার উন্নয়নের জন্য কাজ করবে। জমি হস্তান্তরের এই সিদ্ধান্তের ফলে সীমান্তে কাঁটাতার নির্মাণ ও অবকাঠামো উন্নয়নের কাজ দ্রুত গতিতে এগিয়ে নেওয়া সম্ভব হবে।
উল্লেখ্য যে, এর আগে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ও স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ বহুবার তৎকালীন মমতা সরকারের বিরুদ্ধে বিএসএফ-কে জমি দিতে গড়িমসি করার অভিযোগ তুলেছিলেন। শুভেন্দু অধিকারীর এই সিদ্ধান্তকে সেই রাজনৈতিক অচলাবস্থা কাটানোর একটি বড় পদক্ষেপ হিসেবে দেখা হচ্ছে।
Comments