টেকনাফে মানবপাচারকারীদের সঙ্গে গোলাগুলিতে সেনাসদস্য নিহত, এলাকায় শোকের ছায়া
কক্সবাজারের টেকনাফে মানবপাচারকারীদের সঙ্গে যৌথ বাহিনীর গোলাগুলিতে গুরুতর আহত বাংলাদেশ সেনাবাহিনীর সদস্য মো. তিতাস শেখ (২৮) চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন। বৃহস্পতিবার (৫ নভেম্বর) রাতে রামু সম্মিলিত সামরিক হাসপাতালে (সিএমএইচ) চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। তার এই আকস্মিক মৃত্যুতে পরিবার, স্বজন ও এলাকাবাসীর মধ্যে গভীর শোকের ছায়া নেমে এসেছে। বিয়ের মাত্র কয়েক দিন পরই তার মৃত্যুতে শোকাহত স্বজনদের আহাজারিতে ভারী হয়ে উঠেছে চারপাশ।
নিহত তিতাস শেখের বাড়ি ফরিদপুরের নগরকান্দা উপজেলার লস্করদিয়া গ্রামে। তার মৃত্যুর খবর ছড়িয়ে পড়ার পর থেকেই বাড়িতে ভিড় করছেন স্বজন ও এলাকাবাসী। পরিবারের সদস্যরা এখনো এই শোকে বাকরুদ্ধ।
নিহতের মামা ও লস্করদিয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. হাবিবুর রহমান বাবুল তালুকদার জানান, তিতাস অত্যন্ত ভদ্র ও নম্র স্বভাবের তরুণ ছিলেন। নতুন সংসার শুরু করার আগেই তার এমন প্রয়াণ কেউ মেনে নিতে পারছেন না।
নগরকান্দা উপজেলা নির্বাহী কর্মকর্তা রেজওয়ানা আফরিন জানান, শুক্রবার বিকেলে মরদেহ গ্রামের বাড়িতে পৌঁছানোর পর দাফনের সব প্রস্তুতি সম্পন্ন করা হয়েছে। প্রশাসন ও স্থানীয় সূত্রে নিহতের পরিবারকে সব ধরনের সহযোগিতার কথা জানানো হয়েছে।
Comments