সহকারীকে ‘ঠাণ্ডা মাথায়’ খুন করা হয়েছে: বিস্ফোরক দাবি শুভেন্দু অধিকারীর
নিজের ব্যক্তিগত সহকারী (পিএ) চন্দ্রনাথ রথের হত্যাকাণ্ডের ঘটনায় মুখ খুলেছেন পশ্চিমবঙ্গ বিধানসভার বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। বুধবার (৬ মে) রাতে উত্তর চব্বিশ পরগনার মধ্যমগ্রামের একটি হাসপাতালে কেন্দ্রীয় মন্ত্রী সুকান্ত মজুমদারকে পাশে নিয়ে সংবাদমাধ্যমের মুখোমুখি হন তিনি। শুভেন্দুর দাবি, দীর্ঘ কয়েক দিন ধরে 'রেকি' করে অত্যন্ত সুপরিকল্পিত ও ঠাণ্ডা মাথায় এই হত্যাকাণ্ড ঘটানো হয়েছে।
শুভেন্দু অধিকারী স্পষ্ট জানান, এই খুনের নেপথ্যে রাজনৈতিক উদ্দেশ্য থাকার প্রবল সম্ভাবনা রয়েছে। তবে তদন্তের প্রাথমিক পর্যায়ে এ নিয়ে বিস্তারিত কোনো মন্তব্য করতে চাননি তিনি। নিহত সহকর্মীর পরিবারের প্রতি সমবেদনা জানিয়ে তিনি বলেন:"মৃতের পরিবারের দেখভাল এবং এই ঘটনায় আহতদের চিকিৎসার সমস্ত দায়ভার আমাদের দল বহন করবে।"
ঘটনার বিষয়ে রাজ্য পুলিশের ডিরেক্টর জেনারেল (ডিজি) সিদ্ধনাথ গুপ্তের সঙ্গে কথা হয়েছে বলে জানান শুভেন্দু। তিনি উল্লেখ করেন, পুলিশ ইতিমধ্যে সিসিটিভি ফুটেজ বিশ্লেষণ করে বেশ কিছু গুরুত্বপূর্ণ ক্লু হাতে পেয়েছে। তবে তদন্তের গোপনীয়তা ও স্বচ্ছতা বজায় রাখতে তিনি আগাম কোনো তথ্যের জন্য পুলিশকে চাপ দিতে চান না। পুলিশের ওপর আস্থা রেখে তিনি আশা প্রকাশ করেন যে, প্রকৃত অপরাধীরা দ্রুতই আইনের আওতায় আসবে।
সহকর্মী নিহতের ঘটনায় দলের অভ্যন্তরে চরম ক্ষোভ থাকলেও কর্মী-সমর্থকদের প্রতি সংযত থাকার কড়া বার্তা দিয়েছেন এই বিজেপি নেতা। কাউকে আইন নিজের হাতে তুলে না নেওয়ার অনুরোধ জানিয়ে তিনি এলাকায় শান্তি বজায় রাখার ওপর গুরুত্বারোপ করেন।
উল্লেখ্য, বুধবার রাতে এই হত্যাকাণ্ডের পর সংশ্লিষ্ট এলাকায় ব্যাপক উত্তেজনা ছড়িয়ে পড়ে। পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে বর্তমানে এলাকায় অতিরিক্ত পুলিশ বাহিনী মোতায়েন করা হয়েছে।
Comments