শ্রমজীবী মানুষের ন্যায্য মজুরি নিশ্চিত করতে সরকার প্রস্তুত: মাহদী আমিন
শ্রমিকদের ন্যায্য মজুরি নিশ্চিত করাকে কেবল দাবি হিসেবে নয়, তাদের নাগরিক অধিকার হিসেবে বিবেচনা করা উচিত বলে মন্তব্য করেছেন প্রধানমন্ত্রীর উপদেষ্টা ড. মাহদী আমিন। তিনি বলেছেন, দেশের প্রায় সাড়ে সাত কোটি শ্রমজীবী মানুষের নিরাপদ কর্মপরিবেশ, শোভন কর্মসংস্থান ও যথাযথ পারিশ্রমিক নিশ্চিত করতে সরকার কাজ করতে প্রস্তুত।
শনিবার (৫ সেপ্টেম্বর) রাজধানীর কাকরাইলে ইনস্টিটিউশন অব ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স, বাংলাদেশে বাংলাদেশ ইনস্টিটিউট অব লেবার স্টাডিজের (বিলস) ১০ম দ্বিবার্ষিক সম্মেলন ও সাধারণ সভার উদ্বোধনী অনুষ্ঠানে বক্তব্য দেওয়ার সময় তিনি এসব কথা বলেন।
মাহদী আমিন বলেন, শ্রমিকদের জন্য নিরাপদ কর্মপরিবেশ ও মর্যাদাপূর্ণ কাজ নিশ্চিত করার পাশাপাশি আধুনিক প্রযুক্তি ব্যবহারের মাধ্যমে তাদের দক্ষতা বাড়ানোর উদ্যোগ নিতে হবে। শিল্প খাতে স্থিতিশীলতা বজায় রাখতে মালিক ও শ্রমিকদের মধ্যে পারস্পরিক আস্থা, দায়িত্বশীলতা ও ঐক্য জরুরি।
তিনি আরও বলেন, দেশের সামগ্রিক ও অন্তর্ভুক্তিমূলক উন্নয়ন নিশ্চিত করতে শ্রমিকদের অধিকার, দক্ষতা এবং কর্মপরিবেশের বিষয়গুলোকে যথাযথ গুরুত্ব দিতে হবে।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বিলসের চেয়ারম্যান মজিবুর রহমান ভূঞাঁ। স্বাগত বক্তব্য দেন সংগঠনটির মহাসচিব এবং প্রধানমন্ত্রীর রাজনৈতিক ও কৃষি মন্ত্রণালয়বিষয়ক উপদেষ্টা নজরুল ইসলাম খান।
সম্মেলনে শ্রমিক সংগঠন, সরকার, নিয়োগকর্তা, উন্নয়ন সহযোগী প্রতিষ্ঠানসহ দেশি-বিদেশি বিভিন্ন সংস্থার প্রতিনিধিরা অংশ নেন।
Comments