জ্বালানি সংকট মোকাবিলায় বহুমুখী উৎসের সন্ধান করছে সরকা: শামা ওবায়েদ
দেশের চলমান জ্বালানি সংকট মোকাবিলায় বিকল্প উৎসের সন্ধান করছে সরকার। প্রয়োজন হলে আফ্রিকার বিভিন্ন দেশ থেকেও জ্বালানি আমদানি করা হবে বলে জানিয়েছেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ ইসলাম।
শনিবার (৫ সেপ্টেম্বর) রাজধানীর একটি হোটেলে 'আসন্ন জাতিসংঘ সম্মেলন ও বাংলাদেশ ব্র্যান্ডিং' শীর্ষক অনুষ্ঠানে বক্তব্য দেওয়ার সময় তিনি এ কথা জানান।
শামা ওবায়েদ বলেন, দেশের জ্বালানি সরবরাহ স্বাভাবিক রাখতে সরকার বিভিন্ন দিক থেকে কাজ করছে। একটি নির্দিষ্ট উৎসের ওপর নির্ভরশীল না থেকে সম্ভাব্য বিকল্প উৎসগুলো কাজে লাগানোর চেষ্টা চলছে। প্রয়োজন দেখা দিলে আফ্রিকা থেকেও জ্বালানি সংগ্রহ করা হবে।
আসন্ন জাতিসংঘ সম্মেলনে বাংলাদেশের জাতীয় স্বার্থ ও অর্থনৈতিক বিষয়গুলো গুরুত্ব পাবে উল্লেখ করে পররাষ্ট্র প্রতিমন্ত্রী বলেন, দেশের ভঙ্গুর অর্থনীতিকে স্থিতিশীল অবস্থায় ফিরিয়ে আনতে সময় প্রয়োজন। একই সঙ্গে অর্থনীতির বিভিন্ন খাতে কাঙ্ক্ষিত পরিবর্তন আনতে সরকার কাজ করে যাচ্ছে।
তিনি বলেন, ব্যাংকিং খাতে স্বচ্ছতা ও জবাবদিহি নিশ্চিত করার উদ্যোগ নেওয়া হয়েছে। পাশাপাশি দেশি-বিদেশি বিনিয়োগকারীদের জন্য অনুকূল পরিবেশ তৈরিতেও সরকার কাজ করছে। তবে এসব সংস্কার ও পরিবর্তনের সুফল পেতে কিছুটা সময় লাগবে।
অবৈধ অভিবাসন বন্ধেও সরকারের উদ্যোগ রয়েছে বলে জানান শামা ওবায়েদ। তিনি বলেন, রোহিঙ্গা সংকটও আগের তুলনায় আরও জটিল হয়েছে। এ বিষয়ে আসন্ন জাতিসংঘ সম্মেলনে একটি পৃথক অধিবেশন অনুষ্ঠিত হবে।
রোহিঙ্গা সংকটের স্থায়ী সমাধানে আন্তর্জাতিক সম্প্রদায়ের কার্যকর ভূমিকার ওপর গুরুত্ব দিয়ে তিনি বলেন, আন্তর্জাতিকভাবে চাপ সৃষ্টি ছাড়া এ সমস্যার সমাধান করা কঠিন। তাই সংকট মোকাবিলায় বিশ্ব সম্প্রদায়ের সহযোগিতা ও সমন্বিত উদ্যোগ প্রয়োজন।
Comments