উপজেলা-পৌরসভা-ইউনিয়নে একক প্রার্থী দেবে বিএনপি: দুলু
আসন্ন স্থানীয় সরকার নির্বাচনে বিএনপি প্রতিটি পর্যায়ে একক প্রার্থী দেবে বলে জানিয়েছেন জাতীয় সংসদের হুইপ ও নাটোর-২ আসনের সংসদ সদস্য অ্যাডভোকেট রুহুল কুদ্দুস তালুকদার দুলু। তিনি বলেন, একই উপজেলা, পৌরসভা কিংবা ইউনিয়নে দলটির একাধিক প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করার সুযোগ পাবেন না। এলাকায় যিনি সবচেয়ে জনপ্রিয়, দলীয় মনোনয়নের ক্ষেত্রে তাকেই অগ্রাধিকার দেওয়া হবে।
শনিবার (৫ সেপ্টেম্বর) সকালে নাটোর জেলা বিএনপি কার্যালয়ে আয়োজিত এক দোয়া মাহফিল এবং দুপুর ১২টার দিকে নলডাঙ্গা উপজেলার মাধনগর ডিগ্রি কলেজের একাডেমিক ভবনের ভিত্তিপ্রস্তর স্থাপন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
দুলু বলেন, মনোনয়ন না পাওয়া ত্যাগী নেতাদেরও মূল্যায়ন করা হবে। উপজেলা, পৌরসভা ও ইউনিয়ন বিএনপির গুরুত্বপূর্ণ পদে তাদের দায়িত্ব দেওয়ার বিষয়টি বিবেচনা করা হবে। কোনো ত্যাগী নেতাকে দল থেকে বঞ্চিত করা হবে না বলেও জানান তিনি।
আগামী নির্বাচনে নেতাকর্মীদের আরও সক্রিয় হওয়ার আহ্বান জানিয়ে বিএনপির এই নেতা বলেন, আওয়ামী লীগ ও জামায়াতে ইসলামীর রাজনৈতিক অবস্থানের পার্থক্য বুঝতে হবে। তার দাবি, জামায়াত তাদের নারী কর্মীদের বিভিন্ন কার্যক্রমের মাধ্যমে মাঠে সক্রিয় করেছে এবং বাড়ি বাড়ি গিয়ে ভোটারদের প্রভাবিত করার চেষ্টা করছে। এ বিষয়ে বিএনপির নেতাকর্মীদের সতর্ক ও সচেতন থাকার আহ্বান জানান তিনি।
শিক্ষাব্যবস্থা প্রসঙ্গে দুলু অভিযোগ করেন, আওয়ামী লীগ সরকারের দীর্ঘ ১৭ বছরের শাসনামলে দেশের শিক্ষা খাত ব্যাপকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে। তার দাবি, তারেক রহমানের নেতৃত্বে বিএনপি সরকার রাষ্ট্রক্ষমতায় এসে বাজেটে শিক্ষাখাতে সর্বোচ্চ বরাদ্দ রেখেছে।
তিনি বলেন, একটি দেশের অগ্রগতি থামিয়ে দিতে হলে প্রথমে তার শিক্ষাব্যবস্থাকে দুর্বল করে দেওয়া হয়। বাংলাদেশের মানুষ যাতে অর্থনৈতিকভাবে স্বাবলম্বী ও উন্নত হতে না পারে, সে লক্ষ্যেই আগের সরকার শিক্ষা খাতকে ধ্বংস করেছে বলে অভিযোগ করেন তিনি।
দুলুর ভাষ্য, পূর্ববর্তী আওয়ামী লীগ সরকার আন্তর্জাতিক ষড়যন্ত্রকারীদের সঙ্গে আঁতাত করে দেশের শিক্ষা ব্যবস্থাকে বিপর্যস্ত করেছে এবং নতুন প্রজন্মকে যথাযথ শিক্ষা থেকে বঞ্চিত করার চেষ্টা করেছে।
বিদ্যুৎমন্ত্রী ইকবাল হাসান টুকুর দ্রুত সুস্থতা কামনা এবং নাটোর জেলা বিএনপির প্রয়াত আহ্বায়ক আমিনুল হকের চতুর্থ মৃত্যুবার্ষিকী উপলক্ষে জেলা বিএনপি কার্যালয়ে দোয়া মাহফিলের আয়োজন করা হয়।
জেলা পরিষদের প্রশাসক ও জেলা বিএনপির আহ্বায়ক রহিম নেওয়াজের সভাপতিত্বে অনুষ্ঠানে আরও বক্তব্য দেন জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক মোস্তাফিজুর রহমান শাহিন ও সাইফুল ইসলাম আফতাব, নাটোর পৌরসভার সাবেক মেয়র কাজী শাহ আলম ও এমদাদুল হক আল মামুন, জেলা যুবদলের সভাপতি এ হাই তালুকদার ডালিম এবং মাধনগর ডিগ্রি কলেজের অধ্যক্ষ খন্দকার আব্দুল মালেকসহ অনেকে।
Comments