প্রধানমন্ত্রীর ভারত সফর নিয়ে এখনো চূড়ান্ত সিদ্ধান্ত হয়নি: পররাষ্ট্র প্রতিমন্ত্রী
প্রধানমন্ত্রীর ভারত সফর নিয়ে দুই দেশের মধ্যে আলোচনা অব্যাহত রয়েছে বলে জানিয়েছেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী হুমায়ুন কবির। তবে এখনো সফরের নির্দিষ্ট তারিখ নির্ধারণ করা হয়নি। জাতিসংঘ সাধারণ পরিষদের অধিবেশনের আগে এ সফরের সম্ভাবনাও নেই বলে জানান তিনি।
শনিবার (৫ সেপ্টেম্বর) সকালে সিলেটের একটি হোটেলে টেলিভিশন সাংবাদিকদের সংগঠনের নেতাদের সঙ্গে মতবিনিময়কালে এসব কথা বলেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী।
তিনি জানান, প্রধানমন্ত্রী তারেক রহমান নতুন বাংলাদেশের অগ্রযাত্রার বার্তা নিয়ে জাতিসংঘ সাধারণ পরিষদের অধিবেশনে অংশ নিতে যাবেন। সেখানে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে প্রধানমন্ত্রীর বৈঠক হতে পারে বলেও জানান তিনি।
মক্কা চুক্তিতে বাংলাদেশের যুক্ত হওয়ার প্রসঙ্গেও কথা বলেন হুমায়ুন কবির। তার ভাষ্য, এ চুক্তিতে বাংলাদেশের অংশগ্রহণকে অস্বাভাবিক হিসেবে দেখার সুযোগ নেই। জাতীয় স্বার্থ বিবেচনায় যেসব জায়গায় বাংলাদেশের যুক্ত হওয়া প্রয়োজন, সেসব ক্ষেত্রেই সিদ্ধান্ত নেওয়া হবে।
এ ছাড়া যুক্তরাষ্ট্র থেকে বোয়িং উড়োজাহাজ কেনার বিষয়ে প্রতিমন্ত্রী বলেন, দেশের চাহিদা রয়েছে বলেই এসব উড়োজাহাজ কেনা হচ্ছে। ভবিষ্যতে প্রয়োজন হলে আরও বোয়িং উড়োজাহাজ কেনা হতে পারে।
Comments