হজ ব্যবস্থাপনা নিয়ে সৌদির সঙ্গে নিয়মিত যোগাযোগ করছে সরকার: ধর্মমন্ত্রী
হজের নিবন্ধন ও সামগ্রিক ব্যবস্থাপনা আরও সুষ্ঠু করতে সৌদি আরব সরকারের সঙ্গে নিয়মিত যোগাযোগ ও সমন্বয় করা হচ্ছে বলে জানিয়েছেন ধর্মমন্ত্রী কাজী শাহ মোফাজ্জল হোসাইন কায়কোবাদ।
শনিবার (৫ সেপ্টেম্বর) শ্রেষ্ঠ হজ গাইডদের সম্মাননা ও পুরস্কার প্রদান অনুষ্ঠানে বক্তব্য দেওয়ার সময় তিনি এ কথা জানান।
ধর্মমন্ত্রী বলেন, সৌদি আরবের সঙ্গে বাংলাদেশের দ্বিপাক্ষিক সম্পর্ক আরও জোরদারের পাশাপাশি বাংলাদেশি হাজিদের বিভিন্ন সমস্যা সমাধানে সরকার কাজ করছে। হজ ব্যবস্থাপনার প্রতিটি ধাপে সেবার মান উন্নত করার বিষয়টিও গুরুত্ব দেওয়া হচ্ছে।
গতবার একটি হজ এজেন্সির অব্যবস্থাপনার কারণে দুইজন হাজি নির্ধারিত সময়ে সৌদি আরবে যেতে পারেননি বলে জানান মন্ত্রী। পরে পুলিশ, জাতীয় নিরাপত্তা গোয়েন্দা সংস্থা (এনএসআই) ও অন্যান্য আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সহযোগিতায় তাদের হজে পাঠানোর ব্যবস্থা করা হয়। ঘটনাটিকে সরকারের সমন্বিত উদ্যোগের একটি ইতিবাচক দৃষ্টান্ত হিসেবে উল্লেখ করেন তিনি।
হাজিদের সেবার বিষয়ে কাজী মোফাজ্জল হোসাইন কায়কোবাদ বলেন, গত হজ মৌসুমে সরকার নিজস্ব ব্যবস্থাপনায় বিনামূল্যে এক লাখ পানির বোতল সরবরাহ করেছে। একইভাবে হাজিদের লাগেজ র্যাপিংয়ের জন্যও তাদের কাছ থেকে কোনো অর্থ নেওয়া হয়নি।
হজ গাইডদের দায়িত্ব আরও নিষ্ঠার সঙ্গে পালনের আহ্বান জানিয়ে ধর্মমন্ত্রী বলেন, ভালো সেবা নিশ্চিত করতে পারলে ভবিষ্যতে গাইডদের জন্য আরও সুযোগ তৈরি করা হবে। একই সঙ্গে তাদের আগের তুলনায় বড় পরিসরে পুরস্কৃত করার পরিকল্পনার কথাও জানান তিনি।
এবার শ্রেষ্ঠ হজ গাইডদের জন্য মোট ৫ লাখ টাকা পুরস্কার দেওয়া হয়েছে। ভবিষ্যতে এই পুরস্কারের অর্থের পরিমাণ আরও বাড়ানো হবে বলে ঘোষণা দেন ধর্মমন্ত্রী।
সুষ্ঠু ব্যবস্থাপনার কারণে এবারের হজে কোনো হাজির লাগেজ হারিয়ে যায়নি বলেও উল্লেখ করেন তিনি।
অনুষ্ঠানে ধর্ম মন্ত্রণালয়ের সচিব মুন্সী আলাউদ্দিন আল আজাদ জানান, হজ কার্যক্রম পরিচালনায় যে অর্থ সাশ্রয় হয়েছে, তা আগামীকাল সরকারের কাছে হস্তান্তর করা হবে।
ধর্ম মন্ত্রণালয়ের আয়োজনে অনুষ্ঠিত অনুষ্ঠানে সংশ্লিষ্ট কর্মকর্তারা ও হজ কার্যক্রমের সঙ্গে যুক্ত ব্যক্তিরা উপস্থিত ছিলেন।
Comments