জাতীয় স্বার্থকে অগ্রাধিকার দিয়েই পররাষ্ট্রনীতি পরিচালিত হচ্ছে: পররাষ্ট্র প্রতিমন্ত্রী
পররাষ্ট্র প্রতিমন্ত্রী হুমায়ুন কবির বলেছেন, বাংলাদেশের পররাষ্ট্রনীতি পরিচালনার ক্ষেত্রে জাতীয় স্বার্থকে সর্বোচ্চ গুরুত্ব দেওয়া হচ্ছে। বিশ্বের বিভিন্ন দেশের সঙ্গে ভারসাম্যপূর্ণ কূটনৈতিক ও দ্বিপাক্ষিক সম্পর্ক বজায় রাখার পাশাপাশি দেশের স্বার্থই অগ্রাধিকার পাচ্ছে।
শুক্রবার (৪ সেপ্টেম্বর) বিকেলে সিলেট জেলা পরিষদে জেলা ও মহানগর বিএনপি আয়োজিত মতবিনিময় সভা শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এসব কথা বলেন।
চীনের সঙ্গে বাংলাদেশের সম্পর্ক নিয়ে পররাষ্ট্র প্রতিমন্ত্রী বলেন, সাম্প্রতিক সময়ে দুই দেশের সম্পর্ক আরও বিস্তৃত ও গভীর হয়েছে। বাংলাদেশের প্রধানমন্ত্রীর চীন সফর এবং দেশটির প্রেসিডেন্ট শি জিনপিংয়ের সঙ্গে বৈঠকের মাধ্যমে দ্বিপাক্ষিক সম্পর্ক নতুন পর্যায়ে পৌঁছেছে। বাণিজ্য, বিনিয়োগ, প্রতিরক্ষাসহ বিভিন্ন ক্ষেত্রে সহযোগিতা বাড়ার ফলে দুই দেশের সম্পর্ক এখন 'সার্বিক কৌশলগত অংশীদারত্বে' উন্নীত হয়েছে।
তিনি বলেন, চীনের পাশাপাশি বিশ্বের অন্যান্য দেশের সঙ্গেও বাংলাদেশের সম্পর্ক ইতিবাচকভাবে এগিয়ে যাচ্ছে। সৌদি আরবের সঙ্গে বাংলাদেশের দীর্ঘদিনের ঘনিষ্ঠ সম্পর্ক রয়েছে। একই সঙ্গে যুক্তরাষ্ট্রের সঙ্গেও বিভিন্ন ক্ষেত্রে যোগাযোগ ও সহযোগিতা জোরদার হচ্ছে।
ভারতের সঙ্গে সম্পর্ক প্রসঙ্গে হুমায়ুন কবির বলেন, ভারত বাংলাদেশের গুরুত্বপূর্ণ প্রতিবেশী রাষ্ট্র। বাংলাদেশ সবসময় ভারতের সঙ্গে বন্ধুত্বপূর্ণ সম্পর্ক বজায় রাখতে আগ্রহী। তবে দুই দেশের সম্পর্কের ক্ষেত্রে বিদ্যমান বাস্তবতাগুলো বিবেচনায় রেখেই এগোতে হবে।
তিনি বলেন, জাতীয় স্বার্থ, পারস্পরিক সম্মান ও সমতার ভিত্তিতে ভারতের সঙ্গে সম্পর্ক আরও এগিয়ে নিতে চায় বাংলাদেশ। কোনো রাষ্ট্রের সঙ্গেই সম্পর্ক স্থাপনের ক্ষেত্রে দেশের স্বার্থকে পাশ কাটিয়ে যাওয়ার সুযোগ নেই।
ভারতে শেখ হাসিনার অবস্থান নিয়েও কথা বলেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী। তিনি বলেন, বাংলাদেশের সাম্প্রতিক হত্যাকাণ্ড ও সহিংসতার ঘটনায় অভিযুক্ত শেখ হাসিনা বর্তমানে ভারতে অবস্থান করছেন। গত ১৫ বছরে দেশে গুম, হত্যাকাণ্ড ও ব্যাপক অর্থনৈতিক অনিয়মের অভিযোগ রয়েছে বলেও মন্তব্য করেন তিনি।
হুমায়ুন কবির সতর্ক করে বলেন, ভারতের ভূখণ্ড ব্যবহার করে বাংলাদেশে কোনো ধরনের সহিংসতা বা অস্থিতিশীলতা তৈরির উদ্যোগ মেনে নেওয়া হবে না।
তিনি বলেন, বাংলাদেশ যেমন অন্য কোনো দেশ থেকে পালিয়ে আসা সন্ত্রাসী বা অপরাধীদের আশ্রয় দেবে না, তেমনি বাংলাদেশ থেকে পালিয়ে যাওয়া কোনো সন্ত্রাসীকেও ভারত প্রশ্রয় দেবে না—এটাই বাংলাদেশের প্রত্যাশা।
পররাষ্ট্র প্রতিমন্ত্রী আরও বলেন, জাতীয় স্বার্থ, পারস্পরিক মর্যাদা ও সমতার ভিত্তিতে বিশ্বের সব দেশের সঙ্গে বাংলাদেশের সম্পর্ক আরও শক্তিশালী করাই বর্তমান পররাষ্ট্রনীতির অন্যতম প্রধান লক্ষ্য।
এর আগে শুক্রবার দুপুরে পররাষ্ট্র প্রতিমন্ত্রী হিসেবে প্রথমবারের মতো সিলেট সফরে যান হুমায়ুন কবির। সেখানে তিনি হজরত শাহজালাল (র.)-এর মাজারে জুমার নামাজ আদায় করেন। পরে বিকেলে সিলেট জেলা পরিষদে জেলা ও মহানগর বিএনপি আয়োজিত মতবিনিময় সভায় প্রধান অতিথি হিসেবে অংশ নেন।
Comments