চলতি মাসেই দেশব্যাপী হামের বিশেষ টিকাদান কর্মসূচি শুরু: স্বাস্থ্যমন্ত্রী
চলতি মাসের শেষ দিকে দেশব্যাপী হামের বিশেষ টিকা ক্যাম্পেইন শুরু হবে বলে জানিয়েছেন স্বাস্থ্য ও পরিবার কল্যাণমন্ত্রী সরদার মো. সাখাওয়াত হোসেন। শুক্রবার (৪ সেপ্টেম্বর) সকালে সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতাল পরিদর্শন শেষে সাংবাদিকদের তিনি এ কথা জানান।
স্বাস্থ্যমন্ত্রী জানান, সরকারের উদ্যোগে পর্যাপ্ত ভ্যাকসিন সংগ্রহ করা হয়েছে। ইতিমধ্যে রাঙামাটি ও বান্দরবান জেলা বাদে দেশের বাকি সব জেলায় হামের টিকা প্রদান করা হয়েছে। সরকার দায়িত্ব নেওয়ার পর স্বাস্থ্য খাতে দৃশ্যমান পরিবর্তন এসেছে উল্লেখ করে মন্ত্রী বলেন, গত ছয় মাসে হাসপাতালের সেবার মান উন্নত হয়েছে এবং পরিদর্শন করা হাসপাতালগুলোতে চিকিৎসকদের শতভাগ উপস্থিতি নিশ্চিত করা গেছে।
আগামী সাত কর্মদিবসের মধ্যে হাসপাতালের চিকিৎসকদের সঠিক সময়ে হাসপাতালে আসা-যাওয়া নিশ্চিত করতে প্রয়োজনীয় নির্দেশনা দেওয়া হয়েছে। ওসমানী মেডিকেল কলেজের বিদ্যমান কোনো সমস্যা থাকলে তা আগামী ছয় মাসের মধ্যে সমাধান করা হবে বলে আশ্বাস দেন মন্ত্রী। এছাড়া সিলেটের নির্মাণাধীন ও অনুমোদিত সরকারি হাসপাতালগুলোও শিগগিরই চালুর কথা জানান তিনি।
সকালে সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতাল পরিদর্শনের সময় স্বাস্থ্যমন্ত্রীর সঙ্গে বাণিজ্যমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির, সিসিক প্রশাসক আব্দুল কাইয়ুম চৌধুরী, সিলেট মেডিকেল বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ডা. জিয়াউর রহমান চৌধুরী ও হাসপাতালের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল উমর রাশেদ মুনিরসহ সংশ্লিষ্টরা উপস্থিত ছিলেন। পরবর্তীতে দুই মন্ত্রী সিলেটের শহীদ ডা. শামসুদ্দিন হাসপাতালও পরিদর্শন করেন।
Comments