বাংলাদেশসহ ৩১ দেশের মাল্টিপল ভিসা বন্ধ করল মালয়েশিয়া
বাংলাদেশি পর্যটকদের জন্য মালয়েশিয়ার মাল্টিপল এন্ট্রি ভিসা (এমইভি) সুবিধায় পরিবর্তন আনা হয়েছে। নতুন নীতিতে বাংলাদেশসহ দক্ষিণ এশিয়া ও আফ্রিকার মোট ৩১টি দেশের নাগরিকদের সাধারণ ভ্রমণের ক্ষেত্রে এই সুবিধা আর দেওয়া হবে না।
মালয়েশিয়ার ইমিগ্রেশন বিভাগের ওয়েবসাইটে প্রকাশিত বিজ্ঞপ্তিতে নতুন এই নীতির কথা জানানো হয়েছে।
এর ফলে বাংলাদেশ থেকে ভিজিট বা সামাজিক ভ্রমণের উদ্দেশ্যে মালয়েশিয়া গেলে সাধারণত সিঙ্গেল এন্ট্রি ভিসা নিতে হবে। আগে যেসব পর্যটক নির্দিষ্ট শর্তে এক বছরের মাল্টিপল এন্ট্রি ভিসা পাওয়ার সুযোগ পেতেন, নতুন ব্যবস্থায় সেই সুযোগ অনেকটাই সীমিত হচ্ছে।
মালয়েশিয়ার ইমিগ্রেশন বিভাগের নতুন নীতি অনুযায়ী, ১ সেপ্টেম্বর ২০২৬ থেকে সব দেশের নাগরিকদের জন্য নিয়মিতভাবে মাল্টিপল এন্ট্রি ভিসা দেওয়া হবে না। তবে ব্যবসা, চিকিৎসা, ফ্লাই অ্যান্ড ক্রুজ এবং ওয়েডিং ট্যুরিজমের মতো নির্দিষ্ট ভ্রমণ উদ্দেশ্যে এমইভি দেওয়ার সুযোগ থাকবে।
ইমিগ্রেশন বিভাগের প্রকাশিত তালিকায় যেসব দেশকে সাধারণ এমইভি সুবিধার বাইরে রাখা হয়েছে, সেখানে বাংলাদেশও রয়েছে।
তবে এই পরিবর্তন কেবল ভিজিট বা সামাজিক ভ্রমণের ভিসার ক্ষেত্রে প্রযোজ্য। মালয়েশিয়ায় কর্মরত বাংলাদেশি নাগরিকদের ওয়ার্ক পারমিট বা কর্মসংক্রান্ত ভিসার সঙ্গে নতুন এই সিদ্ধান্তের সরাসরি কোনো সম্পর্ক নেই।
Comments