‘ভাড়াটিয়া বাড়ি দখল করেছিল’, সেই ঘটনার বিস্তারিত জানাল দিলারা জামান
দেশের বিনোদন অঙ্গনের প্রবীণ ও জনপ্রিয় অভিনেত্রী দিলারা জামানের বাড়ি দখলের ঘটনা নিয়ে সম্প্রতি সামাজিক যোগাযোগমাধ্যমে আলোচনা শুরু হয়েছে। তবে বিষয়টি নিয়ে তৈরি হওয়া আলোচনার পেছনে কিছুটা ভুল বোঝাবুঝি রয়েছে বলে জানিয়েছেন তিনি। অভিনেত্রীর ভাষ্য, বাড়ি দখলের ঘটনাটি সত্য হলেও সেটি সাম্প্রতিক সময়ের নয়; প্রায় দুই যুগ আগের ঘটনা।
সম্প্রতি এক সাক্ষাৎকারে নিজের জীবনের সেই অভিজ্ঞতা তুলে ধরেন দিলারা জামান। তিনি জানান, বাবার কাছ থেকে পাওয়া জমিতে ঋণ করে একটি বাড়ি নির্মাণ করেছিলেন। পরবর্তী সময়ে ঋণের অর্থ পরিশোধের জন্য বাড়িটি ভাড়া দেন। কিন্তু ভাড়াটিয়ার কাছ থেকে নিয়মিত ভাড়া না পাওয়ায় একপর্যায়ে জটিলতা তৈরি হয় এবং বাড়িটি দখল হয়ে যায়।
ঘটনার বিস্তারিত জানাতে গিয়ে অভিনেত্রী বলেন, ঢাকার শ্যামলীতে তার বাবার দেওয়া ছয় কাঠা জমিতে নির্মিত বাড়িটি প্রায় ২০ থেকে ২৪ বছর আগে দখলের শিকার হয়েছিল। তবে জমির প্রয়োজনীয় কাগজপত্র তার কাছে থাকায় তিনি আইনি পথে বিষয়টির সমাধান করেন।
দিলারা জামানের দাবি, আদালতের মাধ্যমে আইনি প্রক্রিয়া সম্পন্ন করে মাত্র দুই মাসের মধ্যেই তিনি নিজের জমি বুঝে পান। পরবর্তী সময়ে ওই জমি বিক্রি করে ২০০৮ সালে উত্তরায় একটি ফ্ল্যাট কেনেন তিনি।
অভিনেত্রীর ওই সাক্ষাৎকারে বাড়িদখলের ঘটনার বিস্তারিত উল্লেখ না থাকায় বিষয়টি নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে নানা ধরনের আলোচনা শুরু হয়। অনেকের ধারণা ছিল, ঘটনাটি হয়তো সাম্প্রতিক সময়ে ঘটেছে। পরে বিষয়টি পরিষ্কার করে দিলারা জামান জানান, এটি বহু বছর আগের ঘটনা এবং বর্তমানে তিনি নিজের ফ্ল্যাটেই বসবাস করছেন।
তিনি আরও জানান, শ্যামলীর সেই জমির ওপর বর্তমানে একটি ১০তলা অ্যাপার্টমেন্ট ভবন নির্মিত হয়েছে।
জীবনের সেই পুরোনো অধ্যায় পেছনে ফেলে বর্তমানে ভালো আছেন বলেও জানিয়েছেন এই বর্ষীয়ান অভিনেত্রী। নিজের বর্তমান জীবন নিয়ে তিনি সন্তুষ্ট এবং ভালো আছেন বলে জানিয়েছেন দিলারা জামান।
Comments