সালমান শাহর মৃত্যুবার্ষিকীতে বিএফডিসিতে তিন দিনব্যাপী সিনেমা প্রদর্শনী
ঢালিউডের প্রয়াত জনপ্রিয় নায়ক সালমান শাহকে স্মরণ করে তিন দিনব্যাপী উন্মুক্ত চলচ্চিত্র প্রদর্শনীর আয়োজন করেছে বাংলাদেশ চলচ্চিত্র উন্নয়ন করপোরেশন (বিএফডিসি)। আগামী ৬ সেপ্টেম্বর তার মৃত্যুবার্ষিকী উপলক্ষে আয়োজিত এ বিশেষ প্রদর্শনীতে দর্শক ও সালমান শাহর ভক্তদের জন্য তার অভিনীত জনপ্রিয় সিনেমা দেখানো হবে।
বিএফডিসি কর্তৃপক্ষ জানিয়েছে, বিএফডিসি প্রাঙ্গণের ভিআইপি প্রজেকশন হলে এ আয়োজন অনুষ্ঠিত হবে। ৬ সেপ্টেম্বর শুরু হয়ে প্রদর্শনী চলবে ৮ সেপ্টেম্বর পর্যন্ত। প্রতিদিন বিকেল ৪টায় দর্শকদের জন্য সিনেমা প্রদর্শন করা হবে। এতে কোনো প্রবেশমূল্য থাকবে না।
আয়োজনের প্রথম দিন, ৬ সেপ্টেম্বর দেখানো হবে সালমান শাহ অভিনীত জনপ্রিয় সিনেমা 'স্বপ্নের ঠিকানা'। পরদিন ৭ সেপ্টেম্বর দর্শকরা উপভোগ করতে পারবেন 'কেয়ামত থেকে কেয়ামত'। আর আয়োজনের শেষ দিন ৮ সেপ্টেম্বর প্রদর্শিত হবে 'তোমাকে চাই'।
বিএফডিসির এই উদ্যোগের মধ্য দিয়ে নব্বইয়ের দশকের অন্যতম জনপ্রিয় এ নায়ককে নতুন প্রজন্মের দর্শকদের সামনে আবারও তুলে ধরার সুযোগ তৈরি হবে বলে মনে করছেন সংশ্লিষ্টরা।
উল্লেখ্য, সালমান শাহ ১৯৯৬ সালের ৬ সেপ্টেম্বর মাত্র ২৪ বছর বয়সে মৃত্যুবরণ করেন। অল্প সময়ের চলচ্চিত্র ক্যারিয়ারে তিনি দর্শকদের মধ্যে ব্যাপক জনপ্রিয়তা অর্জন করেন। প্রতিবছর ৬ সেপ্টেম্বর তার মৃত্যুবার্ষিকী নানা আয়োজনের মধ্য দিয়ে স্মরণ করা হয়।
Comments