প্রতারণার মামলায় সাজাপ্রাপ্ত বিদিশার জামিন আবেদন নামঞ্জুর
প্রতারণার মামলায় দুই বছরের সাজাপ্রাপ্ত বিদিশা সিদ্দিকের জামিন আবেদন নামঞ্জুর করেছেন আদালত। আজ বুধবার (২ সেপ্টেম্বর) শুনানি শেষে ঢাকা মহানগর দায়রা জজ মো. শাহজাহান কবির এ আদেশ দেন। আসামিপক্ষের আইনজীবী মো. আতিকুর রহমান বিষয়টি নিশ্চিত করেছেন।
প্রয়াত রাষ্ট্রপতি ও জাতীয় পার্টির প্রতিষ্ঠাতা চেয়ারম্যান এইচ এম এরশাদের সাবেক স্ত্রী বিদিশা। ফ্ল্যাট বিক্রি নিয়ে প্রতারণার অভিযোগে রাজধানীর গুলশান থানায় দায়ের করা মামলায় তাঁকে সাজা দেওয়া হয়েছিল।
গত ২০ মে ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট জামসেদ আলম ফ্ল্যাট বিক্রি সংক্রান্ত প্রতারণার এক মামলায় বিদিশাকে দুই বছরের সশ্রম কারাদণ্ড ও ১০ হাজার টাকা অর্থদণ্ড (অনাদায়ে আরও এক মাসের কারাদণ্ড) দেন। রায় ঘোষণার সময় তিনি আদালতে উপস্থিত না থাকায় তাঁর বিরুদ্ধে সাজা পরোয়ানা জারি করা হয়েছিল। সেই পরোয়ানার ভিত্তিতে গত ২৫ আগস্ট তাঁকে গ্রেপ্তার করা হয় এবং পরদিন আদালতের নির্দেশে কারাগারে পাঠানো হয়।
শুনানিতে বিদিশার আইনজীবী আতিকুর রহমান তাঁর জামিন চান। তবে আসামির কারাবাস পর্যাপ্ত না হওয়ায় আদালত জামিন আবেদন নামঞ্জুর করেন। অন্যদিকে, বাদীপক্ষের আইনজীবী হেমায়েত উদ্দিন খানও পর্যাপ্ত কারাবাস না হওয়ায় জামিনের বিরোধিতা করেন।
২০০৮ সালের ৭ ফেব্রুয়ারি ব্যবসায়ী মোশাররফ হোসেন গুলশান থানায় এই প্রতারণার মামলাটি দায়ের করেন। দীর্ঘ তদন্ত শেষে ওই বছরের ২২ জুন পুলিশ আদালতে অভিযোগপত্র দাখিল করে এবং পরবর্তীতে অভিযোগ গঠনের মাধ্যমে বিচারকার্য শুরু হয়েছিল।
Comments