নতুন দুই থানা ও দুই পৌরসভা গঠনের অনুমোদন দিল নিকার
প্রধানমন্ত্রী তারেক রহমানের সভাপতিত্বে অনুষ্ঠিত প্রশাসনিক পুনর্বিন্যাসসংক্রান্ত জাতীয় বাস্তবায়ন কমিটির (নিকার) সভায় নতুন দুটি থানা ও দুটি পৌরসভা গঠনের অনুমোদন দেওয়া হয়েছে। সোমবার অনুষ্ঠিত এই সভায় প্রশাসনিক কাঠামোর পরিধি বাড়াতে আরও বেশ কিছু গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
প্রধানমন্ত্রীর উপপ্রেস সচিব হাসান শিপলু এই তথ্য নিশ্চিত করেছেন।
নিকারের বৈঠকে অনুমোদিত প্রস্তাবগুলোর মূল বিষয়গুলো নিচে তুলে ধরা হলো:
১. নতুন দুই থানা গঠন
মাতামুহুরী থানা: কক্সবাজার জেলার চকরিয়া থানাকে বিভক্ত করে মাতামুহুরী উপজেলাধীন কোনাখালী ইউনিয়নের বটতলী এলাকায় নতুন 'মাতামুহুরী থানা' স্থাপন করা হবে।
মোকামতলা থানা: বগুড়া জেলার শিবগঞ্জ থানাকে বিভক্ত করে নবসৃষ্ট মোকামতলা উপজেলায় নতুন এই থানা স্থাপনের অনুমোদন দেওয়া হয়েছে।
২. নতুন দুই পৌরসভা গঠন
বগুড়া জেলার মোকামতলা উপজেলায় 'মোকামতলা পৌরসভা'।
সিলেট জেলার জৈন্তাপুর উপজেলায় 'জৈন্তাপুর পৌরসভা'।
৩. থানার নাম পরিবর্তন
ময়মনসিংহ জেলার নবসৃষ্ট দক্ষিণ গফরগাঁও উপজেলার নামের সঙ্গে পূর্ণ সামঞ্জস্য রেখে 'পাগলা থানা'-র নাম পরিবর্তন করে 'দক্ষিণ গফরগাঁও থানা' করা হয়েছে।
৪. প্রশাসনিক সদর দপ্তর স্থানান্তর
চন্দ্রগঞ্জ উপজেলা (লক্ষ্মীপুর): সদর উপজেলাকে বিভক্ত করে নবসৃষ্ট 'চন্দ্রগঞ্জ' উপজেলার প্রশাসনিক সদর দপ্তর মটবী ও চরচামিতা মৌজার পরিবর্তে হাজিরপাড়া ইউনিয়নের ১৬৩ নম্বর উত্তর চন্দ্রপুর ও ১৬৬ নম্বর হাজিরপাড়া মৌজায় স্থানান্তরের অনুমোদন দেওয়া হয়েছে।
বাংরা উপজেলা (কুমিল্লা): মুরাদনগর উপজেলাকে বিভক্ত করে নবসৃষ্ট 'বাংরা' উপজেলার প্রশাসনিক সদর দপ্তর খামারগ্রাম মৌজার পরিবর্তে বাংরা পূর্ব ইউনিয়নের ৪০ নম্বর দক্ষিণ বাংরা মৌজায় স্থাপন করা হবে।
প্রশাসনিক এই পুনর্গঠন প্রক্রিয়ার অংশ হিসেবে নতুন থানা স্থাপন ও থানার নাম পরিবর্তনের উদ্যোগটি স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের অধীনে পরিচালিত হবে। অন্যদিকে, পৌরসভা গঠন ও প্রশাসনিক সদর দপ্তর স্থানান্তরের কাজটি সম্পন্ন করবে স্থানীয় সরকার বিভাগ।
Comments