বিড়াল হত্যার অভিযোগে অভিযুক্তকে ব্যতিক্রমী শাস্তি দিল আদালত
দিনাজপুরের ঘোড়াঘাটে বিস্কুট খাওয়াকে কেন্দ্র করে একটি পথবিড়ালকে ফাঁদে ফেলে হত্যার অভিযোগ উঠেছে এক ব্যবসায়ীর বিরুদ্ধে। এ ঘটনায় শাস্তি হিসেবে অভিযুক্ত ব্যবসায়ী সারোয়ার হোসেনকে আগামী ছয় মাস বলগাড়ি বাজারের সব পথকুকুর ও বিড়ালের খাবারের ব্যবস্থা করার নির্দেশ দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত।
রোববার (১৫ নভেম্বর) বিকেলে উপজেলার বলগাড়ি বাজারে এ ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট আব্দুল্লাহ আল মামুন কাওসার শেখ।
স্থানীয় সূত্রে জানা যায়, বলগাড়ি বাজারের একটি বেকারি দোকানে প্রায়ই খাবারের সন্ধানে ঢুকত একটি পথবিড়াল। দোকান থেকে কয়েক প্যাকেট বিস্কুটসহ বিভিন্ন খাবার খেয়ে ফেলায় বিড়ালটির ওপর ক্ষুব্ধ হন দোকানি সারোয়ার হোসেন। একপর্যায়ে তিনি দোকানে চিকন নাইলনের দড়ি দিয়ে ফাঁদ তৈরি করে রাখেন বলে অভিযোগ ওঠে।
গত শুক্রবার রাতে খাবারের সন্ধানে দোকানে ঢুকে ওই ফাঁদে আটকা পড়ে বিড়ালটি। পরদিন সকালে দোকানের সামনে বিড়ালটির নিথর দেহ পড়ে থাকতে দেখা যায়। তার পাশেই ছিল দুটি ছোট বাচ্চা। এ দৃশ্য স্থানীয়দের মধ্যে ক্ষোভ ও সহানুভূতির সৃষ্টি করে।
ঘটনাটি জানার পর বিড়াল হত্যার বিচার চেয়ে উপজেলা সহকারী কমিশনারের (ভূমি) কার্যালয়ে যান স্থানীয় যুবক মেহেদী হাসান ইমু। তিনি অভিযোগ করেন, খাবার খাওয়ার কারণে একটি নিরীহ প্রাণীকে এভাবে ফাঁদে ফেলে হত্যা করা কোনোভাবেই গ্রহণযোগ্য নয়। এ ঘটনার সুষ্ঠু প্রতিকার দাবি করেন তিনি।
অভিযুক্ত দোকানি সারোয়ার হোসেন নিজের দায় স্বীকার করে জানান, দীর্ঘদিন ধরে রাতে দোকান বন্ধ করার পর বিড়ালটি ভেতরে ঢুকে বিস্কুটসহ বিভিন্ন খাবার নষ্ট করছিল। এতে বিরক্ত ও ক্ষুব্ধ হয়ে তিনি ফাঁদ পেতে রাখেন। সেই ফাঁদে আটকা পড়েই বিড়ালটির মৃত্যু হয়। নিজের কাজের জন্য অনুতপ্ত হয়ে ভবিষ্যতে এমন ঘটনার পুনরাবৃত্তি না করার প্রতিশ্রুতিও দেন তিনি।
ঘোড়াঘাট উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট আব্দুল্লাহ আল মামুন কাওসার শেখ জানান, ঘটনাটি জানার পর অভিযোগকারী যুবক ও সংশ্লিষ্ট দোকানিকে কার্যালয়ে ডেকে নেওয়া হয়। সেখানে দোকানি নিজের ভুল স্বীকার করে ক্ষমা চান এবং মুচলেকা দেন।
তিনি আরও জানান, শাস্তি হিসেবে ওই ব্যবসায়ীকে আগামী ছয় মাস বলগাড়ি বাজারের সব পথকুকুর ও বিড়ালের প্রতিদিনের খাবারের দায়িত্ব দেওয়া হয়েছে। একই সঙ্গে ভবিষ্যতে কোনো প্রাণীর প্রতি এমন নিষ্ঠুর আচরণ না করার বিষয়ে তাকে সতর্ক করা হয়েছে।
Comments