‘জয় বাংলা, জয় বঙ্গবন্ধু’ স্লোগান দিয়ে বিএনপি থেকে বাবা-ছেলের পদত্যাগ
'জয় বাংলা, জয় বঙ্গবন্ধু' স্লোগান দিয়ে গোপালগঞ্জের টুঙ্গিপাড়া উপজেলার কুশলী ইউনিয়নের চর কুশলী ২ নম্বর ওয়ার্ডে বিএনপির সদস্য পদ থেকে পদত্যাগ করেছেন বাবা ও ছেলে।
সোমবার (১৬ নভেম্বর) সকাল ১১ টায় নিজ বাড়িতে সংবাদ সম্মেলন করে বিএনপির সঙ্গে সব ধরনের সাংগঠনিক কার্যক্রমের সম্পর্ক ছিন্ন করার ঘোষণা দিয়ে পদত্যাগ করেন তারা।
পদত্যাগকারীরা হলেন ওই এলাকার বাসিন্দা ও কুশলী ইউনিয়নের চর কুশলী ২ নম্বর ওয়ার্ডে বিএনপির সদস্য মো. লুৎফর ফকির ও তাঁর ছেলে মিরান ফকির।
সংবাদ সম্মেলনে মিরান ফকির জানান, তাঁর বাবা একজন বয়োবৃদ্ধ মানুষ। তিনি রাজনীতি সম্পর্কে তেমন কিছু বোঝেন না। তাঁকে ভয়ভীতি দেখিয়ে বিএনপিতে যোগ দিতে বাধ্য করা হয়েছিল বলে তাঁর দাবি। একইভাবে তাঁকেও ভয়ভীতি প্রদর্শনের মাধ্যমে বিএনপিতে যুক্ত করা হয়। তবে তাঁদের কারও কোনো সাংগঠনিক পদ ছিল না; শুধু সদস্য হিসেবে রাখা হয়েছিল।
মিরান ফকির আরও বলেন, বিএনপির সঙ্গে প্রায় পাঁচ থেকে সাত মাস সম্পৃক্ত থাকার সময় তাঁরা বিভিন্ন ধরনের হয়রানির শিকার হয়েছেন। নীলফা বাজারে তাঁর একটি ছোট ব্যবসা রয়েছে। সেখানে ব্যবসা পরিচালনার সময়ও তাঁকে বিভিন্নভাবে ভয়ভীতি দেখানো হয়েছে বলে অভিযোগ করেন তিনি।
তিনি বলেন, বিএনপির বিভিন্ন কর্মকাণ্ড পর্যবেক্ষণ করে দলটির রাজনৈতিক কার্যক্রমের সঙ্গে নিজেদের মতের মিল খুঁজে পাননি। বিশেষ করে অযথা মানুষকে আটক, হয়রানি, মারধর, সংঘর্ষ ও বিশৃঙ্খলার মতো কর্মকাণ্ড তাঁদের পছন্দ নয়।
তিনি আরো বলেন, গতকাল রাতে তিন তরুণ 'জয় বাংলা' স্লোগান দেওয়ায় তাঁদের আটকে রেখে মারধর করা হয়েছে বলে তিনি জানতে পারেন। এ ঘটনায় তাঁরা অত্যন্ত মর্মাহত হয়েছেন। তাঁর প্রশ্ন, বঙ্গবন্ধুর স্মৃতিবিজড়িত টুঙ্গিপাড়ায় 'জয় বাংলা' স্লোগান দেওয়ার কারণে কাউকে মারধরের শিকার হতে হবে কেন?
মিরান ফকির বলেন, শেখ হাসিনার জন্মস্থান টুঙ্গিপাড়ায় জয় বাংলা স্লোগান দেওয়াকে কেন্দ্র করে যদি মানুষকে মারধর করা হয়, তাহলে এমন রাজনীতি আমরা চাই না। শেখ হাসিনার প্রতি আমাদের আবেগ ও ভালোবাসা রয়েছে। আমাদের রক্তের সঙ্গে তাঁর রক্ত মিশে রয়েছে। নিজেদের ইচ্ছায় বিএনপির সদস্য পদসহ দলটির সব ধরনের কার্যক্রম থেকে তাঁরা পদত্যাগ করেছেন। ভবিষ্যতে এমন রাজনৈতিক কর্মকাণ্ডের সঙ্গে সম্পৃক্ত থাকতে চান না বলেও জানান তিনি।
বক্তব্যের শেষ পর্যায়ে 'জয় বাংলা, জয় বঙ্গবন্ধু' স্লোগান দিয়ে নিজেদের অবস্থান তুলে ধরেন মিরান ফকির।
Comments