জলবায়ু পরিবর্তনের মাশুল দিচ্ছে উপকূল, ন্যায্য ক্ষতিপূরণের দাবি
জলবায়ু পরিবর্তনের অভিঘাতে বিপর্যস্ত উপকূলীয় জনপদ। প্রতিনিয়ত বাড়ছে প্রাকৃতিক দুর্যোগ, নদীভাঙন, লবণাক্ততা, জলোচ্ছ্বাস ও বসতভিটা হারানোর ঝুঁকি। এর সবচেয়ে বড় ভুক্তভোগীদের মধ্যে অন্যতম উপকূলের মানুষ। অথচ জলবায়ু পরিবর্তনের জন্য দায়ী দেশগুলোর কাছ থেকে ক্ষতিগ্রস্ত জনগোষ্ঠীর ন্যায্য ক্ষতিপূরণ এবং নিরাপদ জীবনযাপনের অধিকার এখনো নিশ্চিত হয়নি। এমন বাস্তবতায় জলবায়ু ন্যায়বিচার, ক্ষতিপূরণ, টেকসই বেড়িবাঁধ নির্মাণ এবং উপকূলীয় জনগোষ্ঠীর অধিকার সুরক্ষার দাবিতে বরগুনায় মানববন্ধন করেছেন তারা।
সোমবার (১৬ নভেম্বর) সকাল ১০টায় বরগুনা শহরের খাকদোন নদীর পাড়ে নদীবন্দর এলাকায় এ মানববন্ধন অনুষ্ঠিত হয়। বরগুনা জেলা ক্লাইমেট অ্যাকশন ফোরামের আয়োজনে এবং লিডার্সের সহযোগিতায় অনুষ্ঠিত কর্মসূচিতে উপকূলীয় এলাকার বিভিন্ন শ্রেণি-পেশার নারী-পুরুষ, তরুণ-তরুণী ও সামাজিক সংগঠনের প্রতিনিধিরা অংশ নেন। তাঁদের হাতে ছিল জলবায়ু ন্যায্যতা, পরিবেশ সংরক্ষণ ও উপকূলীয় মানুষের অধিকার আদায়ের দাবিসংবলিত ব্যানার ও স্লোগান।
মানববন্ধনে অংশগ্রহণকারীরা বলেন, জলবায়ু পরিবর্তনের জন্য উপকূলের সাধারণ মানুষ দায়ী না হলেও এর ভয়াবহ মাশুল তাঁদেরই দিতে হচ্ছে। বৈশ্বিক উষ্ণতা ও জলবায়ু পরিবর্তনের প্রভাবে উপকূলীয় অঞ্চলে ঘূর্ণিঝড়, জলোচ্ছ্বাস, অস্বাভাবিক জোয়ার, নদীভাঙন ও লবণাক্ততার প্রকোপ বাড়ছে। ক্ষতিগ্রস্ত হচ্ছে কৃষিজমি, মৎস্যসম্পদ, বসতবাড়ি ও জীবিকার উৎস। একের পর এক দুর্যোগে নিঃস্ব হয়ে পড়ছে অসংখ্য পরিবার। বিশেষ করে নারীদের পানি সংগ্রহ, পরিবারের খাদ্যনিরাপত্তা, সন্তানদের লালন-পালন এবং দুর্যোগকালীন নিরাপত্তা নিশ্চিত করতে বাড়তি প্রতিকূলতার মুখোমুখি হতে হচ্ছে।
তাঁদের মতে, জলবায়ু সংকট এখন শুধু পরিবেশগত সমস্যা নয়, এটি উপকূলীয় মানুষের জীবন, জীবিকা, মানবাধিকার ও অস্তিত্বের প্রশ্ন। তাই জলবায়ু পরিবর্তনের ক্ষয়ক্ষতি মোকাবিলায় স্থানীয় জনগোষ্ঠীর মতামতকে গুরুত্ব দিতে হবে। উন্নয়ন পরিকল্পনা ও জলবায়ু তহবিল ব্যবহারে উপকূলের ক্ষতিগ্রস্ত মানুষের অংশগ্রহণ নিশ্চিত করতে হবে। একই সঙ্গে জলবায়ু পরিবর্তনের জন্য অধিক দায়ী দেশগুলোর কাছ থেকে ক্ষতিগ্রস্ত দেশ ও জনগোষ্ঠীর ন্যায্য ক্ষতিপূরণ আদায়ের কার্যকর উদ্যোগ নিতে হবে।
মানববন্ধনে অংশগ্রহণকারীরা বলেন, 'প্রকৃতি বাঁচলে বাঁচবে প্রাণ, জলবায়ু ন্যায্যতাই হোক সমাধান', 'টেকসই বেড়িবাঁধ চাই, নিরাপদ জীবন চাই', 'সবুজ পৃথিবী সবার অধিকার, মানবে না আর জলবায়ু অবিচার', 'কার্বন কমাও, সবুজ বাড়াও, জলবায়ু ন্যায্যতা ফিরিয়ে দাও' এবং 'প্রকৃতি ধ্বংস বন্ধ হোক, জলবায়ু ন্যায্যতায় জাগুক লোক'।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বরগুনা প্রেসক্লাবের সভাপতি মো. হাফিজুর রহমান। সভাপতিত্ব করেন জেলা ক্লাইমেট অ্যাকশন ফোরামের সভাপতি ও সাংবাদিক মনির হোসেন কামাল। বক্তব্য রাখেন বরগুনা প্রেসক্লাবের অর্থ সম্পাদক ও দৈনিক ইনকিলাবের বরগুনা জেলা সংবাদদাতা জাহাঙ্গীর কবীর মৃধা, তারুণ্যের শেকড় সংগঠনের সদস্য মো. বনি আমিন, যুব রেডক্রিসেন্টের প্রধান মো. সজিব হোসেন, সংগঠনটির সদস্য ফারজানা আফরিন তানিয়াসহ বিভিন্ন সংগঠনের প্রতিনিধিরা। অনুষ্ঠান সঞ্চালনা করেন জেলা ক্লাইমেট অ্যাকশন ফোরামের সাধারণ সম্পাদক সাংবাদিক আবু জাফর সালেহ।
Comments