সাফল্যের আড়ালে শ্রমিকদের হাহাকার, চলছে না সংসার
ভোর হওয়ার আগেই ঘুম থেকে ওঠেন পোশাক শ্রমিক শিল্পী খাতুন। গ্যাস কেনার সামর্থ্য না থাকায় প্রতিদিন মাটির চুলায় কাঠ জ্বালিয়ে রান্না করেন, এরপর ছুটেন কারখানার পথে। ঢাকার উপকণ্ঠে গাজীপুরের একটি পোশাক কারখানায় কাজ করা ২৭ বছর বয়সী এই নারীই তাঁর পরিবারের একমাত্র উপার্জনক্ষম ব্যক্তি। স্বামী বেকার, সঙ্গে নিজের মা-বাবা এবং শ্বশুর-শাশুড়ির ভরণপোষণও তাঁর কাঁধেই। পাঁচ বছর ধরে পোশাকশিল্পে কাজ করেও নিত্যপ্রয়োজনীয় পণ্য কেনার সামর্থ্য হচ্ছে না শিল্পীর। দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতিতে সংসার চালাতে হিমশিম খাচ্ছেন তিনি। তাঁর মতো হাজারো পোশাক শ্রমিকের চিত্রই এখন এমন।
দ্রব্যমূল্যের লাগামহীন ঊর্ধ্বগতির এ পরিস্থিতিতে ন্যূনতম মাসিক মজুরি ১২ হাজার ৫০০ টাকা থেকে বাড়িয়ে ৩০ হাজার টাকা করার দাবিতে গত সপ্তাহে বিক্ষোভ করেন শ্রমিকরা। নিজেদের বাড়ির বাইরে দুপুরের খাবারের জন্য শাক সংগ্রহ করতে করতে শিল্পী আক্ষেপ করে বলেন, 'এখন সবকিছুর দাম বেড়েছে। বাড়িভাড়া দ্বিগুণ হয়েছে, খাবারের দাম বেড়েছে। আমি যা আয় করি, মাস শেষ হওয়ার আগেই সব টাকা শেষ হয়ে যায়।'
মজুরি নিয়ে বাড়ছে অসন্তোষ
গত সপ্তাহের শ্রমিক অসন্তোষ একপর্যায়ে সহিংস রূপ নেয়। বিক্ষোভ ও পুলিশের সঙ্গে সংঘর্ষের ঘটনায় শত শত পোশাক কারখানা বন্ধ রাখতে বাধ্য হন মালিকরা। বিক্ষোভকারীদের ছত্রভঙ্গ করতে পুলিশ কাঁদানে গ্যাস ও সাউন্ড গ্রেনেড ব্যবহার করে। পরিস্থিতি সামাল দিতে গত ৪ নভেম্বর সরকারের মজুরি বোর্ড নতুন মজুরি কাঠামো ১ ডিসেম্বর থেকে কার্যকর করার বিষয়ে সম্মত হয়। নতুন কাঠামো অনুযায়ী শ্রমিকেরা জানুয়ারিতে প্রথম বেতন পাবেন। তবে মজুরি ঠিক কতখানি বাড়বে, সে বিষয়ে এখনো চূড়ান্ত সিদ্ধান্ত আসেনি।
কম শ্রমব্যয় বাংলাদেশকে চীনের পর বিশ্বের দ্বিতীয় বৃহত্তম পোশাক রপ্তানিকারক দেশে পরিণত করেছে। এইচঅ্যান্ডএম, জারা, গ্যাপ, প্রাইমার্ক ও ওয়ালমার্টের মতো আন্তর্জাতিক ব্র্যান্ডগুলোর কাছে বাংলাদেশ পণ্য উৎপাদনের অন্যতম পছন্দের জায়গা। দেশের মোট রপ্তানি আয়ের ৮০ শতাংশের বেশি আসে এই খাত থেকে, যেখানে কর্মসংস্থান হয়েছে ৪০ লাখেরও বেশি মানুষের।
তবে মালিকপক্ষ ও উৎপাদকদের যুক্তি, মজুরি হঠাৎ অতিরিক্ত বাড়ানো হলে ভারত ও ভিয়েতনামের মতো প্রতিদ্বন্দ্বী দেশের তুলনায় বাংলাদেশের উৎপাদন ব্যয়ের সুবিধা কমে যাবে। তাছাড়া জ্বালানির বাড়তি ব্যয়ের কারণে আগে থেকেই তাঁদের মুনাফার ওপর চাপ রয়েছে। এর ওপর বছরে ৯ শতাংশ হারে ইনক্রিমেন্ট এবং দুটি উৎসব বোনাস দেওয়ায় উল্লেখযোগ্য হারে মূল মজুরি বাড়ানোর সুযোগ সীমিত বলে দাবি করেন তাঁরা।
খাবার ও চিকিৎসা নিয়ে কঠিন বাস্তবতা
শিল্পী খাতুনের মতো শ্রমিকদের ভাষ্য, মজুরি যে হারে বেড়েছে, দ্রব্যমূল্য বেড়েছে তার চেয়ে অনেক বেশি। ফলে প্রতিদিনের খরচ কমাতে বাধ্য হচ্ছেন তাঁরা। খাবার, চিকিৎসা ও সন্তানদের পড়াশোনার মতো মৌলিক প্রয়োজনেও কাটছাঁট করতে হচ্ছে।
শিল্পী জানান, সবচেয়ে খারাপ দিনগুলোতে তাঁর পরিবারকে শুধু মুড়ি খেয়েই দিন পার করতে হয়। স্বামীর সঙ্গে ছোট একটি টিনশেড ঘরে বসবাস করেন তিনি। শারীরিক সমস্যা দিন দিন বাড়লেও গত তিন বছরে একবারও চিকিৎসকের কাছে যাওয়ার সুযোগ হয়নি তাঁর। পাঁচ বছরে তাঁর বেতন কিছুটা বাড়লেও জীবনযাত্রার ব্যয়ের সঙ্গে তা তাল মেলাতে পারেনি। চাকরিতে যোগ দেওয়ার সময় বেতন ৯ হাজার টাকা থাকলেও বর্তমানে তিনি পান ১৩ হাজার ৫০০ টাকা। ওভারটাইমসহ মাসে ১৬ হাজার টাকা আয় হলেও মাস শেষের আগেই তা ফুরিয়ে যায়।
একই রকম দুরবস্থার কথা জানান ঢাকার উপকণ্ঠে আশুলিয়ার একটি কারখানার সেলাই অপারেটর ২৯ বছর বয়সী রোকসানা পারভীনও। তিনি বলেন, 'কিছু কেনার আগে, এমনকি খাবার কেনার ক্ষেত্রেও আমাকে দু'বার ভাবতে হয়। আমি জানি, আমার মেয়েদের আরও ভালো খাবার খাওয়া উচিত। কিন্তু আমার সেই সামর্থ্য নেই।' দুই মেয়েকে নিয়ে চলা তাঁর সংসারে খাবারের তালিকায় এখন বেশির ভাগ সময়ই থাকে শুধু ভাত ও সবজি; মাংস ও মাছ তাদের নাগালের বাইরে চলে গেছে। সংসারের খরচ মেটাতে গিয়ে বাধ্য হয়ে তাঁর এক মেয়ের পড়াশোনাও বন্ধ করে দিতে হয়েছে।
সূত্র: রয়টার্স
Comments