জলবায়ু ন্যায্যতার দাবিতে বানিশান্তা যৌনপল্লীতে মানববন্ধন
উপকূলীয় অঞ্চলে সুপেয় পানির সংকট, লবণাক্ততা, নদীভাঙন ও প্রাকৃতিক দুর্যোগের ঝুঁকি মোকাবিলায় জলবায়ু ন্যায্যতার দাবিতে মোংলার পার্শ্ববর্তী দাকোপ উপজেলার বানিশান্তা যৌনপল্লীতে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।
সোমবার (১৬ নভেম্বর) সকাল ১১টায় পশুর নদীর তীরে ক্লাইমেট অ্যাকশন ফোরাম ও লোকাল এনভায়রনমেন্ট ডেভেলপমেন্ট অ্যান্ড অ্যাগ্রিকালচারাল রিসার্চ সোসাইটির (লিডার্স) উদ্যোগে এ কর্মসূচি অনুষ্ঠিত হয়।
মানববন্ধনে বক্তারা বলেন, জলবায়ু পরিবর্তনের প্রভাবে উপকূলীয় অঞ্চলে সুপেয় পানির সংকট, লবণাক্ততা, নদীভাঙন, ঘূর্ণিঝড় ও জলোচ্ছ্বাসের ঝুঁকি বাড়ছে। এসব সংকট মোকাবিলায় উপকূলের মানুষের জীবন ও জীবিকা সুরক্ষায় কার্যকর উদ্যোগ প্রয়োজন।
আসন্ন জাতিসংঘ জলবায়ু সম্মেলন কপ-৩১ সামনে রেখে আন্তর্জাতিক আলোচনায় উপকূলীয় জনগোষ্ঠীর বাস্তব সংকট ও দাবিগুলোকে গুরুত্ব দেওয়ার আহ্বান জানান তাঁরা। একই সঙ্গে উপকূলীয় জনপদের অস্তিত্ব রক্ষায় জলবায়ু ন্যায্যতা নিশ্চিত করার দাবি জানান।
কর্মসূচিতে উপস্থিত ছিলেন ক্লাইমেট অ্যাকশন ফোরামের সভাপতি ইসরাফিল বয়াতি, সম্পাদক রুপা সরকার, বানিশান্তা ইউনিয়ন পরিষদের প্যানেল চেয়ারম্যান এনায়েত শরীফ, লিডার্সের লাইভলিহুড অফিসার দুর্গাপদ সরকার, প্রকল্প কর্মকর্তা বদরুননেছা মিলি ও ফিল্ড ফ্যাসিলিটেটর শীলা মন্ডল।
Comments