থাইল্যান্ডের ফুকেটে ভয়াবহ অগ্নিকাণ্ড: প্রাণহানি ১১, আহত ১৬
থাইল্যান্ডের জনপ্রিয় পর্যটন দ্বীপ ফুকেটে একটি বাণিজ্যিক ভবনে ঘটা ভয়াবহ অগ্নিকাণ্ডে অন্তত ১১ জনের প্রাণহানির ঘটনা ঘটেছে। এই দুর্ঘটনায় আহত হয়েছেন আরও ১৬ জন। বার্তা সংস্থা রয়টার্সের এক প্রতিবেদনে এই তথ্য জানানো হয়েছে।
স্থানীয় সময় সোমবার (১৬ নভেম্বর) রাত ৩টা ১৭ মিনিটে ফুকেটের পশ্চিম উপকূলে, জনপ্রিয় পাতং সৈকতের কাছাকাছি একটি শহুরে এলাকায় এই আগুনের সূত্রপাত হয়। যে ভবনে প্রথম আগুন লাগে, সেখানে একটি যানবাহন ভাড়া দেওয়ার ব্যবসাপ্রতিষ্ঠান ছিল। মুহূর্তেই সেই আগুন দ্রুত আশপাশের কয়েকটি ভবনে ছড়িয়ে পড়ে।
দমকলকর্মীদের প্রায় দুই ঘণ্টার যৌথ প্রচেষ্টায় আগুন সম্পূর্ণ নিয়ন্ত্রণে আসে।
থাই পুলিশ জানিয়েছে, ভয়াবহ এই অগ্নিকাণ্ডে নিহত বা আহতদের মধ্যে কোনো বিদেশি পর্যটক নেই। আহত ১৬ জনের মধ্যে ১৫ জন থাইল্যান্ডের নাগরিক এবং ১ জন মিয়ানমারের নাগরিক।
কী কারণে এই ভয়াবহ আগুনের সূত্রপাত হয়েছে, তা তাৎক্ষণিকভাবে জানা যায়নি। বর্তমানে বিষয়টি খতিয়ে দেখছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ।
Comments