জমি বিরোধের জেরে শিক্ষাপ্রতিষ্ঠানে অগ্নিসংযোগ ও বাড়িতে লুটপাট
নীলফামারী সদর উপজেলার সোনারায় ইউনিয়নের পথথরপাড়া এলাকায় জমি-সংক্রান্ত বিরোধের জেরে এক শিক্ষাপ্রতিষ্ঠানে পেট্রোল ঢেলে অগ্নিসংযোগ, শিক্ষকসহ তিনজন আহত এবং বাড়িতে ব্যাপক ভাঙচুর ও চুরির মতো চাঞ্চল্যকর ঘটনা ঘটেছে। এই ঘটনায় এলাকায় চরম আতঙ্ক ও উত্তেজনা বিরাজ করছে।
ভুক্তভোগী পরিবারের পক্ষ থেকে ১২ জনের নাম উল্লেখ করে নীলফামারী সদর থানায় একটি এজাহার দায়ের করা হয়েছে।
পথথরপাড়া এলাকার আইয়ুব আলী, তাঁর স্ত্রী মঞ্জুয়ারা বেগম, দুই ছেলে মিলন ইসলাম ও মিঠু আলী; মৃত কেতাব আলীর ছেলে খায়রুল ইসলাম ও রুবেল ইসলাম, রুবেলের স্ত্রী মৌসুমী বেগম; তৈয়ুব আলী ও তাঁর স্ত্রী আলেয়া বেগম; জবাইদুল ইসলাম; মৃত এছারাত আলীর ছেলে ইউসুফ আলী এবং জাবেদ আলীর স্ত্রী মনিষা বেগম।
এজাহার ও স্থানীয় সূত্রে জানা যায়, বাদীনী মোছা. খালেদা বানুর স্বামী আবুল হোসেনের প্রতিষ্ঠিত 'আবুল হোসেন পাবলিক স্কুল অ্যান্ড কলেজ'-এর মালিকানা ও জমিও দখল নিয়ে দীর্ঘদিন ধরে প্রতিপক্ষ আইয়ুব আলী গংদের সাথে বিরোধ চলে আসছিল। এ বিষয়ে আদালতে মামলাও বিচারাধীন রয়েছে।
গত ২৬ অক্টোবর সকালে বিদ্যালয়ের ভেতরে কাজ করছিলেন শ্রমিক সিরাজুল ইসলাম। এ সময় অভিযুক্তরা দেশীয় অস্ত্রশস্ত্র নিয়ে অতর্কিত হামলা চালিয়ে তাকে গুরুতর জখম করে। তাঁকে রক্ষা করতে এগিয়ে এলে স্কুলশিক্ষিকা মোছা. আরনিকা বেগম ও বাদীনীর ছেলে শিক্ষক খালেকুল ইসলামকেও পিটিয়ে আহত করা হয়।
বিরোধের চরম পর্যায়ে গত ১০ নভেম্বর অভিযুক্তরা পুনরায় বিদ্যালয়কক্ষে অনধিকার প্রবেশ করে পেট্রোল ঢেলে আগুন ধরিয়ে দেয়। আগুনে বিদ্যালয়ের শিক্ষার্থীদের রেজিস্ট্রেশন ও এডমিট কার্ড, রেজল্যুশন বই এবং বিভিন্ন নথিপত্র পুড়ে ছাই হয়ে যায়। এতে প্রায় ১ কোটি টাকার ক্ষতি হয়েছে বলে এজাহারে দাবি করা হয়েছে। এছাড়া বিদ্যালয়ের সংলগ্ন পুকুরের বেড়া কেটে প্রায় দুই মণ মাছ (মূল্য আনুমানিক ১০ হাজার ৫০০ টাকা) লুট করে নিয়ে যায় দুর্বৃত্তরা।
ভুক্তভোগী খালেদা বানু জানান, গত ২৬ অক্টোবর মারামারির ঘটনায় প্রতিপক্ষ পক্ষের কেতাব আলী মারা যাওয়ার পর তাঁর পরিবার মামলা দায়ের করে। ওই মামলার জেরে প্রতিপক্ষের হুমকি ও ভয়ে তাঁর পরিবারের সদস্যরা আত্মগোপনে চলে যান।
পরবর্তীতে হাইকোর্ট থেকে জামিন লাভ করে প্রায় ১৫ দিন পর নিজ বাড়িতে ফিরে তারা দেখতে পান, ঘরের পেছনের দরজা ভেঙে ভেতরে প্রবেশ করে সবকিছু তছনছ করা হয়েছে। এ সময় আলমারি ভেঙে তার এবং পুত্রবধূর স্বর্ণালংকারসহ প্রায় ২০ লাখ টাকার মালামাল চুরি করে নিয়ে যায় প্রতিপক্ষরা।
এ বিষয়ে নীলফামারী সদর থানার অফিসার ইনচার্জ (ওসি) জিল্লুর রহমান জানান,এবিষয়ে এখনো কোনো অভিযোগের এজাহার পাওয়া যাইনি।অভিযোগের এজাহার পাইলে তদন্ত সাপেক্ষে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।
Comments