নিবন্ধিত অনলাইন পোর্টালে সরকারি বিজ্ঞাপনের দাবি যৌক্তিক: তথ্যমন্ত্রী
দেশের নিবন্ধিত অনলাইন নিউজ পোর্টালগুলোকে সরকারি নীতি সহায়তা এবং সরকারি বিজ্ঞাপন দেওয়ার দাবি অত্যন্ত যৌক্তিক বলে মন্তব্য করেছেন তথ্য ও সম্প্রচারমন্ত্রী আন্দালিব রহমান পার্থ। এ বিষয়ে খুব দ্রুত কার্যকর উদ্যোগ নেওয়ার জোরালো আশ্বাস দিয়েছেন তিনি।
সোমবার (১৬ নভেম্বর) তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের সভাকক্ষে অনলাইন এডিটরস ফোরামের নেতাদের সঙ্গে আয়োজিত এক গুরুত্বপূর্ণ বৈঠকে এই আলোচনা হয়। বৈঠকে দেশের শীর্ষস্থানীয় ও নিবন্ধিত অনলাইন সংবাদমাধ্যমের সম্পাদক ও প্রতিনিধিরা অংশ নেন।
বৈঠকে অনলাইন এডিটরস ফোরামের পক্ষ থেকে জানানো হয়, বর্তমানে দেশে নিবন্ধিত অনলাইন নিউজ পোর্টালের সংখ্যা ২৮৩টি এবং আরও কয়েকশ আবেদন প্রক্রিয়াধীন রয়েছে। তবে নিবন্ধনহীন অসংখ্য প্ল্যাটফর্ম ডোমেইন ও সামাজিক যোগাযোগমাধ্যম ব্যবহার করে পোর্টাল পরিচলনা করায় পাঠক পর্যায়ে বিভ্রান্তি তৈরি হচ্ছে এবং দায়িত্বশীল সাংবাদিকতার পরিবেশ ক্ষুণ্ণ হচ্ছে।
সম্পাদকরা সংবাদপত্র ও টেলিভিশনের মতো অনলাইন পোর্টালের ক্ষেত্রেও নিবন্ধন বাধ্যতামূলক করা এবং গোয়েন্দা সংস্থার প্রতিবেদন পাওয়ার আগে সংবাদ কার্যক্রম শুরুর সুযোগ না রাখার প্রস্তাব দেন। তথ্যমন্ত্রী তাদের এই দাবিগুলোকে যৌক্তিক হিসেবে আমলে নিয়ে নীতিগত সহায়তার আশ্বাস দেন।
বৈঠক শেষে সাংবাদিকদের বিভিন্ন প্রশ্নের জবাবে কার্যক্রম নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগের রাজনৈতিক তৎপরতা ও বর্তমান পরিস্থিতি নিয়ে কঠোর সমালোচনা করেন তথ্যমন্ত্রী আন্দালিব রহমান পার্থ। তিনি বলেন: নিষিদ্ধ ঘোষিত দলের কর্মসূচিগুলো দেউলিয়াত্ব ছাড়া আর কিছু নয় এবং গোপালগঞ্জ ছাড়া দেশের অন্য কোথাও তাদের কোনো অস্তিত্ব নেই।
বিগত আট মাসে দেশে কোনো ব্যাংক লুট কিংবা বিদ্যুৎ খাতের দুর্নীতির ঘটনা ঘটেনি। তাই জনগণের দৃষ্টি ও মনোযোগ অন্য দিকে সরাতেই দলটি পুনরায় সহিংস রাজনীতি ও অস্থিতিশীলতার পথ বেছে নিয়েছে।
বৈঠকে তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী ইয়াসের খান চৌধুরী বলেন, প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বাধীন সরকার বাক্স্বাধীনতা ও সংবাদমাধ্যমের পূর্ণ স্বাধীনতায় বিশ্বাসী এবং তা নিশ্চিত করতে প্রতিশ্রুতির সঙ্গে কাজ করে যাচ্ছে। গত আট-নিয় মাসে দেশে কোনো গুম কিংবা বিচারবহির্ভূত হত্যাকাণ্ডের ঘটনা ঘটেনি উল্লেখ করে তিনি গণমাধ্যমকে ইতিবাচক পরিবর্তনগুলো তুলে ধরার আহ্বান জানান।
এ সময় সংবাদ প্রকাশে বিশেষ সতর্কতা অবলম্বনের তাগিদ দিয়ে প্রতিমন্ত্রী বলেন: ২০২৫ সালের ১২ মে প্রকাশিত সরকারি প্রজ্ঞাপনে বাংলাদেশ আওয়ামী লীগ এবং এর সব অঙ্গ, সহযোগী ও ভ্রাতৃপ্রতিম সংগঠনের কার্যক্রম নিষিদ্ধ ঘোষণা করা হয়েছে। এই প্রজ্ঞাপনা এবং বিদ্যমান আইনের বিষয়বস্তুর প্রতি গণমাধ্যমকে কঠোরভাবে দায়িত্বশীল থাকতে হবে।
অনলাইন সংবাদমাধ্যমে দ্রুত সংবাদ প্রকাশের প্রবণতা থেকে অনেক সময় অস্পষ্ট শিরোনাম বা দেশের নাম ছাড়া খবর প্রচার করা হয়, যা পাঠকদের বিভ্রান্ত করে। এ ধরনের পরিস্থিতি এড়াতে যথাযথ প্রেক্ষাপট উল্লেখ করার পরামর্শ দেন তিনি।
অনলাইন এডিটরস ফোরামের আহ্বায়ক ও রাজনীতি ডটকমের সম্পাদক শরিফুজ্জামান পিন্টুর পরিচালনায় বৈঠকে আরও বক্তব্য দেন ফোরামের সদস্যসচিব ও ঢাকা স্ট্রিমের সম্পাদক গোলাম ইফতেখার মাহমুদ, প্রধান পৃষ্ঠপোষক ও সোনালী নিউজের প্রকাশক মোহাম্মদ ইউনূছ, জাগো নিউজের সম্পাদক কে এম জিয়াউল হক, খবরের সংযোগের সম্পাদক নজরুল ইসলাম, ঢাকা মেইলের নির্বাহী সম্পাদক হারুন জামিল, দেশ সমাচারের সম্পাদক শাহাদাত হোসেন এবং রাইজিং বিডির নির্বাহী সম্পাদক তাপস রায়সহ অনেকে।
Comments