শেখ হাসিনার ‘প্রত্যর্পণ’ ও পাসপোর্টের বিষয়ে যা জানাল ভারত
বাংলাদেশের ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনার পাসপোর্ট ও জাতীয় পরিচয়পত্রের (এনআইডি) আবেদন এবং তার প্রত্যর্পণের বিষয়টি সম্পূর্ণভাবে কারিগরি ও আইনি বিষয় বলে উল্লেখ করেছে ভারত। নয়াদিল্লি স্পষ্ট জানিয়েছে, আইন অনুসারেই এই বিষয়গুলোর সমাধান করা হবে।
ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের সাপ্তাহিক ব্রিফিংয়ে দেশটির মুখপাত্র রণধীর জয়সওয়াল এসব কথা বলেন।
সংবাদ সম্মেলনে এক সাংবাদিক প্রশ্ন করেন, শেখ হাসিনা নতুন পাসপোর্ট ও এনআইডির জন্য আবেদন করলেও বাংলাদেশ সরকার তা প্রত্যাখ্যান করেছে বলে খবর প্রকাশ হয়েছে। এছাড়া দুই দেশের সম্ভাব্য কনস্যুলার পরিষেবা সংক্রান্ত বৈঠকে বিষয়টি নিয়ে আলোচনার কোনো সুযোগ রয়েছে কি না।
জবাবে ভারতীয় পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র বলেন, 'এটি একটি আইনি বিষয় এবং আইন অনুযায়ীই এর সমাধান করা হবে। মানুষের ভ্রমণের জন্য স্বাভাবিকভাবেই ভ্রমণসংক্রান্ত নথিপত্র প্রয়োজন। আমি যতটুকু বুঝি, বিষয়টি সে রকমই; তবে এটি মূলত একটি কারিগরি বিষয়।'
এ বিষয়ে বাংলাদেশের সঙ্গে কোনো আলোচনার সম্ভাবনা রয়েছে কি না—জানতে চাইলে রণধীর জয়সওয়াল সংবাদমাধ্যমকে বাংলাদেশ হাইকমিশনের সঙ্গে যোগাযোগের পরামর্শ দিয়ে বলেন, 'আপনাদের এই প্রশ্নটি মূলত বাংলাদেশ হাইকমিশনের কাছে করা উচিত। এই রাজনৈতিক বিষয়ে তাদের অবস্থান কী, তা আপনাদের জানানোর জন্য তারাই সবচেয়ে উপযুক্ত কর্তৃপক্ষ।'
পরে শেখ হাসিনার প্রত্যর্পণের অনুরোধ নিয়ে দুই দেশের মধ্যকার সর্বশেষ আলোচনা প্রসঙ্গে জানতে চাওয়া হলে তিনি আগের কথার পুনারাবৃত্তি করে বলেন, 'এ প্রসঙ্গে আমি আগেও বলেছি, আজও বলছি—এটি একটি আইনি বিষয় এবং সেই অনুযায়ীই এর সমাধান হবে।'
উল্লেখ্য, ২০২৪ সালের জুলাই গণ-অভ্যুত্থানের মুখে ক্ষমতাচ্যুত হয়ে গত ৫ আগস্ট থেকে ভারতে অবস্থান করছেন সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা। সম্প্রতি আগামী ডিসেম্বরে দেশে ফেরার পরিকল্পনার অংশ হিসেবে তিনি নতুন পাসপোর্ট ও এনআইডির জন্য আবেদন করেছেন বলে রয়টার্সের এক প্রতিবেদনে জানানো হয়। এর আগে বন্দি বিনিময় চুক্তির আওতায় শেখ হাসিনাকে দেশে ফিরিয়ে আনতে ঢাকাসহ বিভিন্ন মাধ্যম থেকে ভারতকে আনুষ্ঠানিকভাবে চিঠি দেওয়া হয়েছে।
Comments