নারায়ণগঞ্জে মাদ্রাসায় আগুন: ধোঁয়ায় অসুস্থ ৬৩ ছাত্র, আশঙ্কাজনক ৩ জন আইসিইউতে
নারায়ণগঞ্জের সাইনবোর্ড এলাকায় অবস্থিত জামিয়া আশরাফিয়া মাদ্রাসার লাইব্রেরিতে আগুন লাগার ঘটনায় ধোঁয়ায় অসুস্থ হয়ে অন্তত ৬৩ জন শিক্ষার্থীকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। এদের মধ্যে তিনজনের অবস্থা আশঙ্কাজনক হওয়ায় তাদের নিবিড় পরিচর্যাকেন্দ্রে (আইসিইউ) রাখা হয়েছে।
গত সোমবার দিবাগত রাতে ঘটা এই দুর্ঘটনায় পুরো এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়ে।
ফায়ার সার্ভিস ও স্থানীয় সূত্রে জানা যায়, সোমবার দিবাগত রাত ১টা ৫৫ মিনিটে জামিয়া আশরাফিয়া মাদ্রাসার পাঁচতলা ভবনের দ্বিতীয় তলায় অবস্থিত লাইব্রেরিতে আগুন লাগার খবর পায় কাঁচপুর ফায়ার সার্ভিস। খবর পেয়ে ফায়ার সার্ভিসের চারটি ইউনিট দ্রুত ঘটনাস্থলে পৌঁছে প্রায় দুই ঘণ্টার চেষ্টায় রাত ৩টা ৪৪ মিনিটে আগুন নিয়ন্ত্রণে আনে। আগুনে লাইব্রেরির বইপত্র ও অন্যান্য আসবাবপত্র পুড়ে গেছে।
জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটের আবাসিক চিকিৎসক ডা. সুলতান মাহমুদ শিকদার জানান, হাসপাতালে চিকিৎসাধীন ৬৩ জনের মধ্যে তিনজনের অবস্থা গুরুতর। তাদের আইসিইউতে স্থানান্তর করা হয়েছে। আশঙ্কাজনক অবস্থায় চিকিৎসাধীন শিক্ষার্থীরা হলেন— ইউসুফ (১৮), খাইরুল (২২) এবং জোবায়ের (১৮)। এর মধ্যে একজনকে লাইফ সাপোর্ট (ভেন্টিলেটর) দেওয়া হয়েছে।
তিনি আরও জানান, শিক্ষার্থীরা মূলত আগুনে সরাসরি দগ্ধ হওয়ার চেয়ে অতিরিক্ত ধোঁয়ার কারণে শ্বাসনালি ক্ষতিগ্রস্ত হয়ে বেশি অসুস্থ হয়েছেন।
হাসপাতালে চিকিৎসাধীন শিক্ষার্থীরা জানান, গভীর রাতে হঠাৎ মাদ্রাসার একটি অংশে আগুন লাগার পর মুহূর্তেই পুরো ভবনে ধোঁয়া ছড়িয়ে পড়ে। এ সময় ঘুমন্ত ও অবস্থানরত শিক্ষার্থীদের মধ্যে চরম আতঙ্ক তৈরি হয়। হুড়োহুড়ি করে বের হওয়ার চেষ্টা করার সময় এবং ধোঁয়া শ্বাসনালিতে প্রবেশ করায় অনেক শিক্ষার্থী অসুস্থ হয়ে পড়েন।
কাঁচপুর ফায়ার স্টেশনের ফায়ার ফাইটার পার্থ হালদার জানান, ফায়ার সার্ভিসের কর্মীরা দ্রুত পরিস্থিতি নিয়ন্ত্রণে আনেন। তবে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, বৈদ্যুতিক শর্টসার্কিট বা মশার কয়েল থেকে আগুনের সূত্রপাত হয়ে থাকতে পারে। অগ্নিকাণ্ডের প্রকৃত কারণ ও ক্ষয়ক্ষতির পরিমাণ তদন্তের পর নিশ্চিত করা হবে।
Comments