এমপিওভুক্ত শিক্ষকদের নতুন পে-স্কেলের প্রজ্ঞাপন জারির অনুরোধে অর্থ বিভাগে চিঠি
এমপিওভুক্ত শিক্ষক-কর্মচারীদের জন্য নতুন পে-স্কেলের পৃথক আদেশ বা প্রজ্ঞাপন জারি করতে অর্থ বিভাগে চিঠি পাঠিয়েছে শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগ। চিঠিতে এ বিষয়ে দ্রুত প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের অনুরোধ জানানো হয়েছে।
আজ সোমবার (৯ নভেম্বর) শিক্ষা মন্ত্রণালয়ের উপসচিব মোহাম্মদ মনোয়ার হোসেন স্বাক্ষরিত এই চিঠিটি অর্থ বিভাগে পাঠানো হয়।
চিঠিতে উল্লেখ করা হয়েছে, শিক্ষা খাতে সরকারের বাজেট বৃদ্ধির পাশাপাশি শিক্ষার মানোন্নয়ন এবং শিক্ষক-কর্মচারীদের জীবনযাত্রার মান ও পেশাদারি বাড়াতে এই উদ্যোগ জরুরি। বর্তমানে বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানে কর্মরত এমপিওভুক্ত শিক্ষক ও কর্মচারীরা ২০১৫ সালের জাতীয় বেতন স্কেল অনুযায়ী বেতন-ভাতা পাচ্ছেন। যদিও ইতোমধ্যে নতুন জাতীয় বেতন স্কেল-২০২৬ ঘোষণা করা হয়েছে, তবে বেসরকারি এমপিওভুক্তদের জন্য পে-স্কেল প্রদান সংক্রান্ত সুনির্দিষ্ট আদেশ এখনো জারি করা হয়নি।
চিঠিতে আরও বলা হয়, বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানে কর্মরত এমপিওভুক্ত শিক্ষক-কর্মচারীদের জাতীয় বেতন স্কেল-২০২৬ এর আওতায় আনতে এবং সে অনুযায়ী বেতন-ভাতা প্রদান করতে একটি পৃথক আদেশ জারি করা একান্ত প্রয়োজন।
এই প্রেক্ষাপটে, এমপিওভুক্ত শিক্ষক-কর্মচারীদের নতুন পে-স্কেল সুবিধা নিশ্চিত করতে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার জন্য অর্থ বিভাগকে নির্দেশক্রমে অনুরোধ জানিয়েছে শিক্ষা মন্ত্রণালয়।
Comments