নরকে যেতে চাই না, আমি ধর্মপ্রাণ মানুষ, মৃত্যুর পর স্বর্গে যাব: ট্রাম্প
মৃত্যুর পর স্বর্গে যাওয়ার আশা প্রকাশ করেছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তবে স্বর্গে পৌঁছানোর শর্ত হিসেবে রাজনৈতিক শত্রুদের ক্ষমা করতে পুরোপুরি নারাজ তিনি। স্পষ্ট ভাষায় তিনি জানিয়েছেন, নরকে যেতে চান না এবং কিছু শত্রুকে তিনি ঘৃণা করেন ও সব সময়ই করবেন।
মার্কিন সংবাদমাধ্যম সিবিএসের জনপ্রিয় অনুষ্ঠান '৬০ মিনিটস'-এ দেওয়া এক সাক্ষাৎকারে এসব কথা বলেন ট্রাম্প। ব্রিটিশ সংবাদমাধ্যম দ্য ইন্ডিয়ান এক্সপ্রেসসহ বিভিন্ন আন্তর্জাতিক গণমাধ্যমে বিষয়টি নিয়ে প্রতিবেদন প্রকাশিত হয়েছে।
সাক্ষাৎকারে ট্রাম্প নিজেকে একজন 'ধর্মপ্রাণ মানুষ' হিসেবে দাবি করে বলেন, তাত্ত্বিকভাবে মৃত্যুর পর তার স্বর্গে যাওয়ার কথা এবং তিনি সেটাই আশা করেন। একই সঙ্গে মানুষ মৃত্যুর পর তাকে ইতিবাচকভাবে স্মরণ করবে বলেও আশা প্রকাশ করেন তিনি।
দ্বিতীয় মেয়াদে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট হিসেবে দায়িত্ব নেওয়ার আগে ও পরে একাধিক হত্যাচেষ্টার শিকার হন ট্রাম্প। সাক্ষাৎকারে সেই প্রসঙ্গ টেনে উপস্থাপক রস ডুথাট জানতে চান, এ ধরনের মৃত্যুর খুব কাছাকাছি চলে যাওয়ার অভিজ্ঞতা তার জীবনদর্শন বা মৃত্যুচিন্তায় কোনো পরিবর্তন এনেছে কি না। স্থানীয় সময় গত রোববার (৮ নভেম্বর) প্রচারিত ওই সাক্ষাৎকারে ৮০ বছর বয়সী ট্রাম্পের কাছে সরাসরি জানতে চাওয়া হয়, মৃত্যুর পর কী ঘটে বলে তিনি মনে করেন।
জবাবে কিছুটা থেমে ট্রাম্প বলেন, "আশা করি, মানুষ আমাকে মিস করবে।" এরপর তিনি যোগ করেন, "আমি একজন ধর্মপ্রাণ মানুষ। তাই তাত্ত্বিকভাবে আমার স্বর্গে যাওয়ার কথা। আমি সেটাই আশা করি। আমি নরকে যেতে চাই না।"
আলোচনার একপর্যায়ে পরকালে স্বর্গে প্রবেশের শর্ত হিসেবে রাজনৈতিক প্রতিপক্ষদের ক্ষমা করার বিষয়টি সামনে আনেন উপস্থাপক। ডুথাট তাকে উদ্দেশ্য করে বলেন, "ধরা যাক, আপনি মারা গেলেন এবং পরবর্তী জীবনে প্রবেশ করছেন। স্বর্গে যাওয়ার জন্য আপনার শুধু একটি কাজ করতে হবে—জেমস কোমি, ন্যান্সি পেলোসি কিংবা বছরের পর বছর যাদের প্রতি আপনি ঘৃণা প্রকাশ করেছেন, তাদের প্রতি ভালোবাসা ও ক্ষমার মনোভাব দেখাতে হবে। আপনি কি তা পারবেন?"
এর জবাবে কোনো রাখঢাক না রেখেই ট্রাম্প বলেন, "সত্যি বলতে, না। উত্তরটা হলো 'না'।" তিনি আরও বলেন, "সম্ভবত আমি তা পারব না। কারণ, আমার কিছু শত্রুকে আমি ঘৃণা করি এবং সব সময়ই করব।"
Comments