‘দুর্নীতির কারণে সমবায় সমিতিগুলো কার্যকারিতা হারিয়েছে’
দেশের সমবায় সমিতিগুলো দুর্নীতির কারণে তাদের কার্যকারিতা হারিয়েছে বলে মন্তব্য করেছেন রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর। এ পরিস্থিতি থেকে উত্তরণে সমবায় খাতে আইন সংস্কারের পাশাপাশি স্বচ্ছতা, জবাবদিহি ও সুষ্ঠু ব্যবস্থাপনা নিশ্চিত করার ওপর গুরুত্ব দিয়েছেন তিনি।
রোববার (৮ নভেম্বর) রাজধানীর ওসমানী স্মৃতি মিলনায়তনে জাতীয় সমবায় দিবস উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে বক্তব্য দিতে গিয়ে এসব কথা বলেন রাষ্ট্রপতি।
তিনি বলেন, 'সমবায় শুধু পণ্য উৎপাদন কিংবা ব্যবসায়িক কার্যক্রম নয়। এর সঙ্গে জড়িয়ে আছে গ্রামীণ অর্থনীতির বিকাশ, কর্মসংস্থান সৃষ্টি, দারিদ্র্য বিমোচন এবং প্রান্তিক মানুষের জীবনমান উন্নয়নের সম্ভাবনা। এই সম্ভাবনাকে কাজে লাগিয়ে স্বাবলম্বী ও স্বনির্ভর বাংলাদেশ গড়ে তুলতে সমবায়কে কার্যকর হাতিয়ার হিসেবে গড়ে তুলতে হবে।'
নিজের শৈশবের স্মৃতিচারণ করে রাষ্ট্রপতি বলেন, ঠাকুরগাঁওয়ের মতো ছোট মহকুমা শহরেও একসময় সমবায় কার্যক্রম বেশ বিস্তৃত ছিল। সেখানে সমবায় ভবন, কোল্ড স্টোরেজ ও সমবায়ীদের জন্য মার্কেট ছিল। সমাজের বিশিষ্ট ব্যক্তিরাও এ কার্যক্রমের সঙ্গে যুক্ত ছিলেন। কিন্তু সময়ের সঙ্গে সমবায় আন্দোলনের সেই প্রাণচাঞ্চল্য অনেকটাই হারিয়ে গেছে।
বৈশ্বিক যুদ্ধ পরিস্থিতির কারণে জ্বালানি সংকটসহ অর্থনীতিতে বিভিন্ন ধরনের চ্যালেঞ্জ তৈরি হয়েছে বলেও উল্লেখ করেন রাষ্ট্রপতি। এসব পরিস্থিতি মোকাবিলা এবং অর্থনৈতিক কর্মকাণ্ড সচল রাখতে সবাইকে সম্মিলিতভাবে কাজ করার আহ্বান জানান তিনি।
সমবায় খাতের বর্তমান সংকট নিরসনে কার্যকর উদ্যোগ নেওয়ার প্রয়োজনীয়তা তুলে ধরে রাষ্ট্রপতি বলেন, দুর্নীতির কারণে অনেক সমিতি তাদের স্বাভাবিক কার্যক্রম পরিচালনার সক্ষমতা হারিয়েছে। এ অবস্থা পরিবর্তনে ব্যবস্থাপনায় স্বচ্ছতা ও জবাবদিহি প্রতিষ্ঠার পাশাপাশি প্রয়োজনীয় সংস্কার করতে হবে।
Comments