লাল পতাকা উড়িয়ে ট্রেন থামালেন গেটম্যান, প্রাণে বাঁচল হাজারো যাত্রী
টাঙ্গাইলের কালিহাতীতে রেললাইনে আটকে পড়া বালুবাহী ট্রাকের সঙ্গে সংঘর্ষ থেকে অল্পের জন্য রক্ষা পেয়েছে সিল্কসিটি এক্সপ্রেস ট্রেন। পরে স্থানীয়দের সহযোগিতায় লাল পতাকা উড়িয়ে ট্রেনটি থামিয়ে দেন রেলওয়ের গেটম্যান। এতে প্রাণে বেঁচে যান ট্রেনের হাজারো যাত্রী।
শনিবার (৭ নভেম্বর) সকাল ১১টা ১৫ মিনিটের দিকে কালিহাতী উপজেলার সল্লা বাসস্ট্যান্ড রেলক্রসিংয়ে এ ঘটনা ঘটে।
স্থানীয়রা জানান, যমুনা সেতু পার হয়ে আসা বালুবাহী ট্রাকটি সল্লা বাসস্ট্যান্ড এলাকায় বালু আনলোড করতে যাচ্ছিল। রেললাইন পার হওয়ার সময় হঠাৎ ট্রাকটির সামনের চাকার এক্সেল ভেঙে যায়। এতে ট্রাকটি ক্রসিংয়ের ওপর আটকে পড়ে।
ঠিক তখনই উত্তরবঙ্গ থেকে ঢাকাগামী সিল্কসিটি এক্সপ্রেস ট্রেনটি ওই পথে আসছিল। বিষয়টি দেখে মুহূর্ত দেরি না করে স্থানীয়দের সহযোগিতায় সামনে এগিয়ে গিয়ে লাল পতাকা উড়িয়ে ট্রেন থামান গেটম্যান মিজান। তার এই তৎপরতায় বড় ধরনের দুর্ঘটনা থেকে রক্ষা পায় ট্রেনটি।
এর পর অন্য একটি ট্রাক দিয়ে টেনে আটকে পড়া ট্রাকটি সরানোর চেষ্টা করা হলেও তা সম্ভব হয়নি। একপর্যায়ে কাছেই মাটি কাটার কাজে থাকা একটি ভেকু (খননযন্ত্র) এনে ধাক্কা দিয়ে ট্রাকটি রেললাইন থেকে সরানো হয়।
এ বিষয়ে সল্লা বাসস্ট্যান্ডের গেটম্যান মিজান, দুপুর ১২টার দিকে ট্রেনটি ঢাকার উদ্দেশ্যে ছেড়ে যায়। এ ঘটনায় রেললাইনের কোনো ক্ষতি হয়নি বলে জানান গেটম্যান মিজান।
Comments