পঞ্চগড়ের সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড ১৬ দশমিক ৫ ডিগ্রি
উত্তরের জেলা পঞ্চগড়ের তাপমাত্রা কমছে, ভোর ও সন্ধ্যায় বাড়ছে শীত। তবে দিনে রোদের কারণে কিছুটা গরম অনুভূত হচ্ছে। তাই দিন ও রাতের তাপমাত্রায় ভিন্নতা দেখা দিচ্ছে।
রোববার (৮ নভেম্বর) সকাল ৯টায় জেলার তেঁতুলিয়ায় সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ১৬ দশমিক ৫ ডিগ্রি সেলসিয়াস। এর আগে, শনিবার সর্বনিম্ন তাপমাত্রা ছিল ১৭ দশমিক ২ ডিগ্রি সেলসিয়াস।
তেঁতুলিয়া আবহাওয়া পর্যবেক্ষণ কেন্দ্রের তথ্য অনুযায়ী, গত ১ নভেম্বর সর্বোচ্চ তাপমাত্রা ছিল ৩২ দশমিক ২ ডিগ্রি সেলসিয়াস। পরদিন ২ নভেম্বর সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয় ২০ দশমিক ৮ ডিগ্রি। এরপর ৩ নভেম্বর ১৯ দশমিক ৭, ৪ নভেম্বর ১৭ দশমিক ৪, ৫ নভেম্বর ১৯, ৬ নভেম্বর ১৭ দশমিক ৭, ৭ নভেম্বর ১৭ দশমিক ২ এবং আজ ৮ নভেম্বর ১৬ দশমিক ৫ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা রেকর্ড করা হয়েছে।
স্থানীয় বাসিন্দারা জানান, ভোরে ও সন্ধ্যার পর হালকা ঠান্ডা অনুভূত হচ্ছে। তবে দিনের বেলায় রোদের কারণে গরম লাগছে। আবহাওয়ার এমন পরিবর্তনে দিনের তুলনায় রাতে শীতের অনুভূতি বেশি থাকছে।
তেঁতুলিয়া আবহাওয়া পর্যবেক্ষণ কেন্দ্রের ভারপ্রাপ্ত কর্মকর্তা জিতেন্দ্রনাথ রায় বলেন, গত কয়েক দিন ধরে পঞ্চগড়ের তাপমাত্রা ক্রমেই কমছে। আগামী দিনগুলোতে তাপমাত্রা আরও ধীরে ধীরে কমতে পারে। ডিসেম্বর মাসে জেলায় মৃদু শৈত্যপ্রবাহ বয়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে।
তিনি আরও বলেন, রোববার সকাল ৯টায় তেঁতুলিয়ায় সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ১৬ দশমিক ৫ ডিগ্রি সেলসিয়াস।
Comments